১৪৩৩-এর শুরুতেই সুখবর! ২০২৬-এ ৫ দিন নয়, ৬ দিন ধরে চলবে দুর্গাপুজো; জানুন দিনক্ষণ

আজ বুধবার, পয়লা বৈশাখ। ১৪৩৩ বঙ্গাব্দের শুভ সূচনা। বাঙালির ঘরে ঘরে আজ নতুন পঞ্জিকা প্রবেশের দিন। কেউ হাতে তুলে নিয়েছেন প্রাচীন ‘সূর্যসিদ্ধান্ত’ পঞ্জিকা, আবার কারো পছন্দ ‘বিশুদ্ধ সিদ্ধান্ত’। নতুন বছর মানেই বাঙালির কাছে উৎসবের ক্যালেন্ডার মেলানো। আর সেই তালিকায় সবার ওপরে থাকে শারদীয়া দুর্গাপুজো। ২০২৬ সালের দুর্গাপুজো নিয়ে এবার এক বড়সড় চমক দিচ্ছে পঞ্জিকা।

সাধারণত দুর্গাপুজো পাঁচ দিনের হলেও, আগামী ১৪৩৩ বঙ্গাব্দে মা দুর্গার আরাধনা হবে টানা ৬ দিন ধরে। পঞ্জিকা মতে, আগামী ২০২৬ সালের দুর্গাপুজো শুরু হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময়ে। ২৮ আশ্বিন, ইংরেজি ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মাধ্যমে ঢাকে কাঠি পড়বে। উৎসবের সমাপ্তি অর্থাৎ বিজয়া দশমী পড়বে ২১ অক্টোবর, ৪ঠা কার্তিক।

কেন এবার ৬ দিনের পুজো?
শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, শুক্লপক্ষে সূর্যোদয়ের সময় যে তিথি থাকে, সেটিই পালন করা হয়। এই নিয়ম মেনে প্রাচীন পঞ্জিকা অনুযায়ী এবার সপ্তমী পুজো হবে দু’দিন ধরে। অন্যদিকে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৯ ও ৩০ আশ্বিন—এই দু’দিনই দুর্গাষষ্ঠী পালিত হবে। তিথির এই জটিলতা ও ব্যাপ্তির কারণেই এবার ভক্তরা পুজোর আনন্দ উপভোগ করতে পারবেন বাড়তি একটি দিন।

মহাষ্টমী ও সন্ধিপুজোর নির্ঘণ্ট:
পঞ্জিকা ভেদে সন্ধিপুজোর সময়েও রয়েছে বিস্তর ফারাক। প্রাচীন পঞ্জিকা মতে, মহাষ্টমীর দিন সূর্যোদয়ের পর পুজোর জন্য সময় মিলবে মাত্র ১ ঘণ্টা ৪৭ মিনিট। সেদিন সকাল ৭টা ২৬ মিনিটে সন্ধিপুজো শুরু হয়ে চলবে ৮টা ১৪ মিনিট পর্যন্ত। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, সন্ধিপুজো শুরু হবে সকাল ১০টা ২৮ মিনিটে এবং শেষ হবে ১১টা ১৬ মিনিটে।

২১ অক্টোবর বুধবার, দুই পঞ্জিকা মতেই দশমী পালিত হবে। সুতরাং, উৎসবের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেওয়ার পালা। কারণ, আগামী বছর মর্ত্যে মা থাকবেন একটু বেশি সময় ধরে!

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy