১২ পাতার ফর্ম পূরণ করেছেন? আপনি পেতে চলেছেন সরকারি প্রকল্পের বিশাল সুযোগ, জেনে নিন বিস্তারিত

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন এই প্রকল্পে ১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ করতে হয়, তা নিয়ে সাধারণ মানুষের মনে বিস্তর প্রশ্ন ছিল। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এক অনুষ্ঠানে সেই রহস্যভেদ করে মুখ্যমন্ত্রী জানালেন, এই ফর্ম আসলে সাধারণ মানুষের ভবিষ্যতে সরকারি সুবিধা পাওয়ার পথ সুগম করবে।

১২ পাতার ফর্মের আসল রহস্য কী? মুখ্যমন্ত্রী জানান, ১২ পাতার ফর্মের প্রতিটি অংশ পূরণ করার প্রয়োজন ছিল না, মূলত ৪টি পাতাই ছিল গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করেন, “একবার এই তথ্যগুলো পোর্টালে আপলোড হয়ে গেলে, আপনাকে পরবর্তীতে কেন্দ্র ও রাজ্যের অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধার জন্য বারবার নতুন করে ফর্ম পূরণ করতে হবে না। এই তথ্যগুলোই ডাটাবেস হিসেবে ব্যবহৃত হবে।”

কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রকল্পের বর্তমান পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন:

  • আবেদনের সময়সীমা: এখনও যারা ফর্ম পূরণ করতে পারেননি, তাঁদের চিন্তা নেই। জুন মাসের পাশাপাশি জুলাই ও আগস্ট মাস পর্যন্ত ফর্ম পূরণের সুযোগ থাকছে।

  • উপকারভোগী: বর্তমানে ১ কোটি ৬০ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। এর মধ্যে মানদণ্ড না মেলায় ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে।

  • টাকা পাওয়ার আপডেট: যোগ্য ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন প্রাপকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন, আজ রাত ১২টার মধ্যে বাকিদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, “যাঁরা এই দীর্ঘ ফর্ম পূরণের সময় ধৈর্য দেখিয়েছেন, তাঁদের আমরা কুর্নিশ জানাই। তাঁদের এই পরিশ্রম ভবিষ্যতে অন্যান্য অনেক সরকারি সুবিধা পেতে সাহায্য করবে।”