“১০০ দিনে কতটা বদলাল পশ্চিমবঙ্গ!”-দেখুন শুভেন্দু সরকারের রিপোর্ট কার্ড কেমন?

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটিয়ে বিজেপি সরকার গঠনের পর কেটে গিয়েছে ১০০ দিন। বর্তমান মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই একশো দিনে রাজ্যের প্রশাসনিক ও জনকল্যাণমূলক ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে নতুন সরকার। শিক্ষা থেকে স্বাস্থ্য, যাতায়াত থেকে শুরু করে পরিকাঠামো—বিভিন্ন ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

স্কুলগুলিতে বন্দে মাতরম বাধ্যতামূলক

নতুন সরকারের আমলে রাজ্যের স্কুলগুলিতে ‘বন্দে মাতরম’ গানটি সম্পূর্ণ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, গানটির শুধু প্রথম দুটি স্তবক নয়, বরং সম্পূর্ণ গানটি গাইতে হবে, যার সময়কাল প্রায় তিন মিনিট দশ সেকেন্ড। এর পাশাপাশি প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-ও গাওয়া হচ্ছে।

রাজ্যে চালু আয়ুষ্মান ভারত যোজনা

পূর্ববর্তী সরকারের আমলে যে বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্য প্রশাসনের দীর্ঘ টানাপোড়েন চলেছে, তা হল আয়ুষ্মান যোজনা। নতুন সরকারের কার্যকালের প্রথম একশো দিনের মধ্যেই রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এই কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্প।

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প

বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা কার্যকর করা হয়েছে। নতুন এই ব্যবস্থায় রাজ্যের মহিলারা প্রতি মাসে নির্দিষ্ট আর্থিক সহায়তা পাচ্ছেন, যা পূর্বের ব্যবস্থার তুলনায় বৃদ্ধি করা হয়েছে।

রাইটার্স বিল্ডিং-এর সংস্কার ও প্রশাসনিক কেন্দ্র পরিবর্তন

২০১১ সালের পর থেকে প্রশাসনিক কাজকর্ম মূলত নবান্ন থেকেই পরিচালিত হতো। তবে বর্তমান মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর ঐতিহ্যবাহী রাইটার্স বিল্ডিংকে ফের প্রধান প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে ভবনটির সংস্কারের কাজ চলছে।

মহিলাদের জন্য সরকারি বাস ভাড়া সম্পূর্ণ বিনামূল্যে

রাজ্যের মহিলাদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে সরকারি বাসে ভাড়ায় সম্পূর্ণ ছাড় ঘোষণা করেছে সরকার। এসি বা নন-এসি যেকোনো সরকারি বাসে মহিলারা এখন সম্পূর্ণ বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন।

মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে

স্কুলগুলির মিড ডে মিলের ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করতে এই প্রকল্পের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে ইসকনের (ISKCON) হাতে। এর ফলে স্কুলপড়ুয়ারা আরও মানসম্মত ও পুষ্টিকর খাবার পাচ্ছে।

বিএসএফ-কে জমি হস্তান্তর

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বেড়া দেওয়ার কাজের জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার। এর ফলে সীমান্ত এলাকায় সুরক্ষার কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা ও অন্যান্য শিল্প প্রকল্প

সাধারণ মানুষের বিদ্যুৎ বিল হ্রাসের উদ্দেশ্যে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’-য় সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি, হাওড়ায় আমুলের দই কারখানা এবং পুরুলিয়ায় নতুন ইস্পাত কারখানার মতো বড় শিল্প প্রকল্পের কাজও শুরু হয়েছে।