হ্যাং হয়ে গেল ফোন, আর তাতেই উধাও লক্ষাধিক টাকা, প্রাক্তণ BSF কর্মীর সঙ্গে কী ঘটল পুরুলিয়ায়

‘হ্যালো, আপনার Yono অ্যাপ আপডেট করতে হবে।’ এই একটি ফোন কল, আর তাতেই সর্বস্ব খুইয়ে পথে বসেছেন এক প্রাক্তন বিএসএফ কর্মী। পুরুলিয়ার বলরামপুরে ঘটেছে এই সাইবার প্রতারণার ঘটনা। প্রতারকদের ফাঁদে পা দিয়ে ১ লক্ষ ৩৮ হাজার টাকা খুইয়েছেন ওই ব্যক্তি।
কী ঘটেছিল?
পুরুলিয়ার বলরামপুরের রাঙাডি গ্রামের বাসিন্দা জিতেন্দ্রনাথ কুমার। বয়স আনুমানিক ৪৫। তিনি একজন প্রাক্তন বিএসএফ কর্মী। গত ৩১ আগস্ট তাঁর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে একটি সরকারি ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে জানায়, তাঁর Yono অ্যাপ আপডেট করতে হবে। এই কাজের জন্য তাকে একটি লিংকও পাঠানো হয়।
প্রতারকের নির্দেশ মতো সেই লিংকে ক্লিক করার পরই জিতেনবাবুর মোবাইল হ্যাং হয়ে যায়। পরদিন তিনি ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে একাধিক লেনদেনের মাধ্যমে ১ লক্ষ ৩৮ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
পুলিশের দ্বারস্থ হলেন জিতেনবাবু
এই ঘটনায় মাথায় হাত পড়ে যায় জিতেনবাবুর। তিনি সঙ্গে সঙ্গে বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত প্রতারকদের কোনো খোঁজ মেলেনি।
সাইবার প্রতারণা নিয়ে বারবার সচেতন করা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। সামান্য ভুল বা অসতর্কতার কারণে সাধারণ মানুষ তাদের সারাজীবনের সঞ্চয় হারাচ্ছেন। তাই এই ধরনের ফোন কল বা লিংকে ক্লিক করার আগে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।