জম্মু-কাশ্মীরে এনকাউন্টার, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি, গুরুতর জখম ১ জওয়ান

জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়েছে। সোমবার গুদর জঙ্গলে এই এনকাউন্টার শুরু হয়। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (JCO) গুরুতর আহত হয়েছেন।
কী ঘটেছিল?
পুলিশের সূত্র অনুযায়ী, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় গুদর জঙ্গলে জঙ্গিদের মুখোমুখি হয় নিরাপত্তা বাহিনী। জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। সেনাবাহিনীর এক সতর্ক জওয়ান সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জঙ্গিদের চ্যালেঞ্জ করলে গুলি বিনিময় শুরু হয়। এই সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়, এবং পরবর্তীতে আরও একজনকে নিকেশ করা হয়। নিহতদের মধ্যে একজনের দেহ একটি আপেল বাগানে পাওয়া গেছে এবং তার পরিচয় জানার চেষ্টা চলছে।
পাক অনুপ্রবেশকারী আটক
অন্যদিকে, জম্মুর আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার সময় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এক পাকিস্তানিকে আটক করেছে। রোববার রাত সাড়ে ৯টায় অক্ট্রই আউটপোস্টে এই অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করা হয়। তাকে চ্যালেঞ্জ জানালে বিএসএফ কয়েক রাউন্ড গুলি চালায়। এরপর সীমান্ত বেড়ার কাছে তাকে ধরা হয়। ধৃত ব্যক্তির নাম সিরাজ খান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলার বাসিন্দা। তার কাছ থেকে পাকিস্তানি মুদ্রা উদ্ধার করা হয়েছে। তাকে জেরা করে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্য জানার চেষ্টা চলছে।