হোটেল-ইভেন্টে আধার কপি লাগবে না? প্লে স্টোরে এসে গেল UIDAI-এর মাস্টার অ্যাপ!

আপনার আধার কার্ডের ফটোকপি বা জেরক্সের দিন এবার শেষ! ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI। প্লে স্টোরে ইতিমধ্যেই এসে গিয়েছে আধারের নতুন অ্যাপ, যা ধীরে ধীরে আপনার ফিজিক্যাল আধার কপির জায়গা নিয়ে নেবে।
UIDAI-এর জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, এখন থেকে কোনো হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা অন্য কোনো সংস্থা সরাসরি গ্রাহকের আধার কার্ডের ফটোকপি চাইতে পারবে না। বদলে তাদের UIDAI-এর অধীনে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এই রেজিস্ট্রেশনের পর তারা গ্রাহকের আধার কার্ড ডিজিটাল মাধ্যমে যাচাই করতে পারবে। কোনো অবস্থাতেই তারা গ্রাহকের আধার কার্ডের জেরক্স বা ফটোকপি নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে না। এই ডিজিটাল ভেরিফিকেশন পদ্ধতির ফলে গ্রাহকের ব্যক্তিগত তথ্য আরও সুরক্ষিত থাকবে এবং আধার অপব্যবহারের ঝুঁকি কমবে। নতুন এই অ্যাপ এবং নিয়মের মাধ্যমে আধার ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করার লক্ষ্য নেওয়া হয়েছে।