হিমাচল প্রদেশ থেকে মাদক মাফিয়াদের শিকড় উপড়ে ফেলতে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সরকার। সোমবার শিমলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে মাদকের নেশা বা ‘চিট্টা’ (Chitta) পাচার দমনে সরকার এখন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক কারবারিদের উপার্জিত কোটি কোটি টাকার অন্তত ১৭টি বেআইনি সম্পত্তি ইতিমধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় চমক এসেছে শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে।
মুখ্যমন্ত্রী সুখু ঘোষণা করেছেন যে, এখন থেকে হিমাচল প্রদেশের স্কুল ও পেশাদার কলেজগুলিতে ভর্তির আগে ছাত্র-ছাত্রীদের বাধ্যতামূলক ড্রাগ টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। শুধু তাই নয়, সরকারি চাকরিতে যোগদানের আগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরও এই ড্রাগ টেস্ট করাতে হবে। যদি কোনো প্রার্থীর শরীরে ড্রাগ বা নেশার উপস্থিতি পাওয়া যায়, তবে তিনি আর সেই চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এর মাধ্যমে তরুণ সমাজকে নেশার মরণফাঁদ থেকে দূরে রাখাই সরকারের মূল লক্ষ্য।
মাদক পাচারে সরকারি কর্মীদের একাংশের জড়িত থাকা নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে ১২২ জন সরকারি কর্মচারী এই নেশার কারবারে লিপ্ত রয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩১ জনকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে ২১ জন পুলিশ কর্মী এবং ১০ জন শিক্ষা দপ্তরের কর্মী রয়েছেন। এমনকি পাঞ্জাব পুলিশের এক কর্মীকেও এই পাচার চক্রে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে।
সুখু সরকারের আমলে ২০২২ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত এনডিপিএস (NDPS) আইনের অধীনে ৬৮১১টি মামলা রুজু হয়েছে, যা পূর্ববর্তী সরকারের তুলনায় ৩৩ শতাংশ বেশি। মুখ্যমন্ত্রী জানান, গত দেড় বছরে ১০ হাজারেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং প্রায় ৪৫ হাজার কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। হিমাচল পুলিশের এই তৎপরতা সারা দেশে এনডিপিএস মামলায় হিমাচলকে প্রথম সারিতে নিয়ে এসেছে। রাজ্যের ২৩৪টি পঞ্চায়েতকে এই নেশার জন্য ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে শিমলা, সোলান, মান্ডি ও কুল্লুর একাধিক পঞ্চায়েত রয়েছে। এই সংকট মোকাবিলায় স্পেশাল টাস্ক ফোর্স গঠনের পাশাপাশি নেশাগ্রস্ত নারীদের জন্য বিশেষ ডি-অ্যাডিকশন সেন্টার খোলার প্রতিশ্রুতিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমাচলকে মাদক মুক্ত করতে এই লড়াই এখন এক জনআন্দোলনে রূপ নিয়েছে।





