“হাসপাতাল থেকে কলেজ, মেয়েরা সুরক্ষিত নয়!”–নারী নিরাপত্তা ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের বিরুদ্ধে নারীর নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং সুশাসন নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন। আরজি কর কাণ্ড এবং কসবা ল’কলেজে গণধর্ষণ কাণ্ডের মতো ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলার মেয়েরা তৃণমূল সরকারের অধীনে সুরক্ষিত নয় এবং সরকার নিজেই অপরাধীদের আড়াল করছে।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় “মা-মাটি-মানুষের সরকার” বাংলার নারী সমাজের প্রতি যে আচরণ করছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে হাসপাতালেও মেয়ে-বোনরা সুরক্ষিত নয়।” কাদম্বিনী গাঙ্গুলীর জন্মদিনে তাঁর উল্লেখ করে মোদী বলেন, যে বাংলা থেকে ভারতের প্রথম মহিলা চিকিৎসক উঠে এসেছিলেন, সেই বাংলায় আজ এমনকি চিকিৎসকেরাও সুরক্ষিত নন। আরজি কর কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে অপরাধীদের আড়াল করার অভিযোগ তুলে তিনি বলেন, “সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও এক কলেজে আরও একটি মেয়ের সঙ্গে ভয়ঙ্কর অত্যাচার করা হয়। সেখানেও মূল অভিযুক্তর সঙ্গে তৃণমূলেরই যোগ বেরিয়েছে।” প্রধানমন্ত্রী আরও যোগ করেন যে, তৃণমূলের বড় নেতা-মন্ত্রীরা উল্টো নিপীড়িতাকেই দোষী বলে দাবি করেন, যা তাদের নির্মমতার পরিচয়। মোদী স্পষ্ট বার্তা দেন যে, “বাংলাকে এখান থেকে মুক্তি দিতে হবে।”

নারীর নিরাপত্তা ছাড়াও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন। তিনি মুর্শিদাবাদ দাঙ্গা, বাংলায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা, ক্রমবর্ধমান বেকারত্ব, শিল্প প্রতিষ্ঠানগুলির রাজ্য ছেড়ে চলে যাওয়া, এবং চাকরির খোঁজে হাজার হাজার যুবক-যুবতীর অন্য রাজ্যে পাড়ি জমানোর মতো বিষয়গুলো তুলে ধরে রাজ্য সরকারের সমালোচনা করেন। বাংলার তথাকথিত “সিন্ডিকেট রাজ” এবং “তোলাবাজি”র প্রসঙ্গ তুলেও প্রধানমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করেন।

তবে, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই আক্রমণ শুধুই সমালোচনা নয়, বরং আসন্ন নির্বাচনের আগে রাজ্যের নারী ভোটারদের মন জয় করার একটি কৌশল। নারীর নিরাপত্তা এবং সম্মানহানির অভিযোগগুলি তুলে ধরে বিজেপি তৃণমূল সরকারের দুর্বল দিকগুলিকে চিহ্নিত করতে চাইছে।

উল্লেখ্য, জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন, যা রাজ্যের উন্নয়নের প্রতি কেন্দ্রের অঙ্গীকারের ইঙ্গিত বহন করে। কিন্তু আজকের বক্তৃতার মূল সুর ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ এবং রাজ্যে পরিবর্তনের ডাক।