হাসপাতালের ডিউটি রুমে চিকিৎসকের উদ্দাম নাচ, জামা খুলে হবু স্ত্রীর সঙ্গে নাচতে নাচতে মেঝেতে শুলেন ডাক্তার

হাসপাতালের ডিউটি রুম। যেখানে রোগীদের পরিষেবা দেওয়ার কথা, সেই জায়গাতেই হবু স্ত্রীর সঙ্গে উদ্দাম নাচে মাতলেন এক সরকারি চিকিৎসক। পরনে শুধু স্যান্ডো গেঞ্জি ও প্যান্ট। জামা খুলে তারস্বরে বাজছিল জনপ্রিয় হিন্দি গান। সেই গানের তালে নাচতে নাচতে চিকিৎসককে মেঝেতে শুয়েও পড়তে দেখা গেছে। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার সরকারি হাসপাতালে। অভিযুক্ত চিকিৎসক হলেন আফকার সিদ্দিকি। সম্প্রতি তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল। বাগদানের আনন্দ উদযাপন করতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।

ডিউটি রুমে গানের সঙ্গে নাচ

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ডিউটি রুমের ভিতরে হবু স্ত্রীর সঙ্গে নাচছেন চিকিৎসক আফকার। ঘরটিতে হিন্দি গান তারস্বরে বাজছিল। তিনি জামা খুলে, শুধুমাত্র প্যান্ট ও গেঞ্জি পরে নাচ করছিলেন। নাচতে নাচতে আনন্দের আতিশয্যে তিনি মেঝেতেও শুয়ে পড়েন। এই ভিডিওটি ওই চিকিৎসকের নিজের ফোনেই ক্যামেরাবন্দি করা হয়েছিল, যা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষের পদক্ষেপ ও জবাব তলব

চিকিৎসকের জামা খুলে নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা শামলির ঊর্ধ্বতন চিকিৎসাকর্তাদেরও নজরে পড়ে। সঙ্গে সঙ্গে চিকিৎসক আফকার সিদ্দিকির বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁকে শোকজ় করা হয়েছে। ডিউটি রুমের মতো সংবেদনশীল জায়গায় গান চালিয়ে তিনি কেন নাচ করছিলেন, তার কারণ জানতে চেয়ে জবাব তলব করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বরযাত্রীদের উদ্দাম নাচের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে উচ্ছ্বাসের বশে বরযাত্রীরা বিয়ের আসর ধ্বংসস্তূপে পরিণত করে। সেই ভিডিওটিও নেটিজেনদের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছিল।