প্যান কার্ডে নাম বা ঠিকানা ভুল? ব্যাঙ্কে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরে বসে এভাবে করুন সংশোধন!

আধার কার্ডের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো প্যান কার্ড (PAN Card)। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়া কিংবা বড় অঙ্কের আর্থিক লেনদেন—সব ক্ষেত্রেই প্যান কার্ড বাধ্যতামূলক। সম্পত্তি কেনাবেচা থেকে শুরু করে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্যান কার্ডের প্রয়োজন হয়। তাই এই নথিতে থাকা সমস্ত তথ্য সঠিক থাকা অত্যন্ত জরুরি। প্যান কার্ডে নাম, ঠিকানা বা মোবাইল নম্বর ভুল থাকলে বিভিন্ন কাজে নানা সমস্যায় পড়তে হয়। তবে সুখবর হলো, এই ধরনের ভুলগুলো এখন ঘরে বসেই অনলাইনে ঠিক করে নেওয়া সম্ভব।

প্যান কার্ডে তথ্য সংশোধনের সহজ পদ্ধতি:

প্রথমে NSDL বা UTIITSL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এরপর ‘প্যান-এ পরিবর্তন/সংশোধন’ (Change/Correction in PAN Card) অপশনটি বেছে নিতে হবে।

স্ক্রিনে আসা ফর্মটিতে প্যান নম্বর, নাম, জন্ম তারিখ এবং ইমেল আইডি দিতে হবে।

তথ্য জমা দিলে একটি ১৫ সংখ্যার টোকেন নম্বর তৈরি হবে।

এরপর আপনি যে নির্দিষ্ট তথ্যটি পরিবর্তন করতে চান, তা নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য ও সঠিক নথি (যেমন—ঠিকানার প্রমাণপত্র, জন্মতারিখের প্রমাণপত্র, ছবি ও স্বাক্ষর) আপলোড করতে হবে।

আবেদনপত্রটি জমা দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।

সময় ও খরচ কত লাগে?
অনলাইনে আবেদন জমা দেওয়ার সাধারণত ১৫ থেকে ২০ দিন সময় লাগে প্যান কার্ড আপডেট হতে। তবে নথিতে কোনো ভুল থাকলে প্রক্রিয়াকরণে আরও কিছুটা বেশি সময় লাগতে পারে। আবেদন সফলভাবে সম্পূর্ণ করার পর একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রসিদ ডাউনলোড করা যায়, যার মাধ্যমে স্ট্যাটাস ট্র্যাক করা সম্ভব। খরচের কথা বললে, ভারতে বসবাসকারীদের জন্য প্যান কার্ড আপডেটের ফি জিএসটি সহ ৫০ টাকা এবং ভারতের বাইরের বাসিন্দাদের জন্য ৯৫৯ টাকা। এই ফি ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যায়।