SIR ফর্ম আপলোড সমস্যা, টেলিকম সংস্থাগুলির সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের CEO মনোজ কুমার আগরওয়াল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় সার্ভার জনিত কারণে এনুমারেশন ফর্ম আপলোড করতে বিএলও (BLO)-দের বারবার সমস্যার অভিযোগের পর অবশেষে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল শনিবার ঘোষণা করেছেন যে, সোমবার দুপুর ১টায় রাজ্যের সব টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে দ্রুততার সঙ্গে এই সমস্যার সমাধান করা হবে।
কেন এই জরুরি পদক্ষেপ?
রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই বিএলও-রা সার্ভারের দুর্বলতার কারণে নির্বাচন কমিশনের সার্ভারে এনুমারেশন ফর্ম আপলোড করতে পারছিলেন না। ফলে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হচ্ছিলেন অনেকে। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অভিযোগ আসছিল।
শুক্রবার ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর রাজ্যের দায়িত্বে থাকা ডেপুটি নির্বাচন কমিশনার নির্দেশ দেন, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে অবিলম্বে টেলিকম সংস্থাগুলির সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধান করতে হবে।
৯ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে খসড়া ভোটার তালিকা
পাশাপাশি এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই তালিকায় একমাত্র তাঁদেরই নাম থাকবে যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। এই খসড়া তালিকা রাজ্যের পঞ্চায়েত, ব্লক অফিস, পৌরসভা, মহকুমা শাসকের দফতর এবং জেলাশাসকের দফতরে সকলের জন্য টাঙানো হবে এবং সিইও-র ওয়েবসাইটেও দেখা যাবে।
এই তালিকার পাশাপাশি চারটি ভাগে ভাগ করা আরেকটি গুরুত্বপূর্ণ তালিকা প্রকাশ করা হবে, যেখানে নাম থাকবে:
১. মৃত ভোটার ২. অনুপস্থিত ভোটার ৩. ভুয়ো ভোটার ৪. স্থানান্তরিত ভোটার
যদিও এই তালিকাটি চূড়ান্ত নয়। এই তালিকায় কারও নাম বাদ গেলে, বা নামের বানান, ঠিকানা ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে। পাশাপাশি, কেউ নতুন নাম তুলতে চাইলে তাঁকে ৬ নম্বর ফর্ম পূরণ করে আগামী ৮ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জমা দিতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে ৭ ফেব্রুয়ারি, আর এই তালিকাটিই আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যবহৃত হবে।