আধার কার্ড দেখালেই পকেটে ঢুকবে ৩ লাখ টাকা? সরকারি লোন স্কিমের নামে কোন বড় প্রতারণার ফাঁদ ছড়ালো সোশ্যাল মিডিয়ায়?

সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল যেকোনো খবর নিমেষের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বিশেষ করে সরকারি কোনো সুযোগ-সুবিধা বা অনুদানের খবর সামনে এলেই সাধারণ মানুষের মধ্যে তা নিয়ে উৎসাহের অন্ত থাকে না। ভিডিও বা ছবিযুক্ত এই ধরনের পোস্টগুলোর সত্যতা যাচাই না করেই অনেকে তা শেয়ার করতে শুরু করেন। আর এই সুযোগকেই কাজে লাগায় একশ্রেণির সাইবার অপরাধী। সম্প্রতি এমনই একটি ভুয়ো সরকারি স্কিম নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া দাবি ও তার পেছনের সত্যি:
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি যে খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, তাতে দাবি করা হচ্ছে—প্রধানমন্ত্রী লোন স্কিমের (Prime Minister Loan Scheme) আওতায় নাকি শুধুমাত্র [Aadhaar Redacted] কার্ড দেখালেই মিলবে ৩ লক্ষ টাকার বিশাল ঋণ! এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও পোস্ট ইন্টারনেটে হু হু করে ভাইরাল হয়েছে, যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করেছে।

তবে এই ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারের বিষয়টি নজরে আসতেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। সরকারি বিভিন্ন প্রকল্পের সত্যতা যাচাইকারী শাখা পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) এই খবরের সত্যতা খতিয়ে দেখে জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই দাবিটি সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো লোন স্কিম বা প্রকল্প আদৌ চালানো হচ্ছে না। এটি সম্পূর্ণ প্রতারকদের একটি ফাঁদ, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হয়েছে।

প্রতারণা এড়াতে কী করণীয়?
সরকার বা কোনো সরকারি প্রকল্পের নামে এই ধরনের কোনো সন্দেহজনক তথ্য, ভিডিও বা মেসেজ আপনার চোখে পড়লে তাতে অন্ধের মতো বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের কোনো ভুয়া খবরের সত্যতা যাচাই করতে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন @PIBFactCheck হ্যান্ডেলে। এ ছাড়াও যেকোনো সন্দেহজনক বার্তা যাচাইয়ের জন্য সেন্ট্রাল গভমেন্টের অফিসিয়াল হেল্পলাইন নম্বর +91 8799711259 কিংবা factcheck@pib.gov.in মেল আইডিতে যোগাযোগ করা যেতে পারে। অতীতেও এই ধরনের লোভনীয় অফারের ফাঁদে পড়ে অনেকেই সাইবার প্রতারণার শিকার হয়েছেন, তাই সবসময় সচেতন থাকার ও সঠিক তথ্য যাচাই করার অনুরোধ করা হচ্ছে।