হাওড়ায় রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলছে বাড়ি! জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন, পাশের ঘর থেকে উদ্ধার বৃদ্ধ বাবা-মা

বুধবার রাতে হাওড়া (Howrah) শহরের গদাধর মিস্ত্রি লেনের একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ির একতলার একটি ঘর। রীতিমতো আতশবাজির মতো আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। স্থানীয় মানুষের নজরে আসে ভয়াবহ দৃশ্য—একতলার ঘরের জানলা থেকে দৈত্যের মতো ঠেলে বেরিয়ে আসছে আগুন।
আগুন লাগার সময় ভিতরে ছিলেন বৃদ্ধ বাবা-মা
ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার গদাধর মিস্ত্রি লেনে। আগুন লাগে ওই বাড়ির একতলার একটি ঘরে, যা বাইরে থেকে বন্ধ ছিল। ওই বাড়ির নিচের ঘরে ছিলেন বাড়ির মালিকের বৃদ্ধ বাবা-মা।
স্থানীয় বাসিন্দাদের কথায়, হঠাৎ আগুন দেখা যায় একতলার ওই ঘরে। স্থানীয় সুচিত্রা পাল জানান, রান্না করার সময় রান্নাঘর থেকেই তাঁর নজরে আসে পাশের বাড়িতে আগুন লেগেছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা জানলা টপকে বাইরে বেরিয়ে আসছিল।
প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা
আগুন লাগার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। আগুনের তীব্রতা দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। একইসঙ্গে, প্রতিবেশীরা দ্রুত তৎপর হয়ে নিচের ঘর থেকে ব্যক্তির বৃদ্ধ বাবা-মাকে বাইরে বের করে নিয়ে আসেন, যার ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়রা আরও জানান, উপরের ঘর বন্ধ করে বাড়ির মালিক বাইরে বেরিয়েছিলেন, সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। কী কারণে আগুন লাগল, তা অবশ্য স্পষ্ট জানা যায়নি।
ঘটনার কিছুক্ষণ পর দমকল সেখানে পৌঁছয় এবং ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে শহরের মাঝে ঘন জনবসতিপূর্ণ এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল আগুন নেভালেও মানুষের মধ্যে আতঙ্কের রেশ কাটেনি।