হরিয়ানায় তোলপাড়! মসজিদের ইমামের ভাড়া ঘর থেকে উদ্ধার অস্ত্র-বিস্ফোরক, পরিবারের চাঞ্চল্যকর দাবি…

হরিয়ানার নুহ জেলার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম মহম্মদ ইশতিয়াককে গ্রেপ্তারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, ইশতিয়াকের ভাড়া দেওয়া ঘর থেকেই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

যদিও ইশতিয়াকের ভাই মোহাম্মদ শাহবাদ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। শাহবাদ জানিয়েছেন, তাঁর ভাই গত ২০ বছর ধরে ইমামতির দায়িত্ব পালন করছেন এবং কেবল ধর্মীয় কাজেই যুক্ত। তাঁর দাবি, পুলিশ ইশতিয়াককে ভুলভাবে অভিযুক্ত করেছে এবং এটি একটি মিথ্যা মামলা।

পরিবারের বক্তব্য অনুযায়ী, ইশতিয়াক ফতেহপুর এলাকায় একটি ঘর ভাড়া নিয়েছিলেন। সেই ঘরটির একটি অংশ ড. মুজাম্মিল নামে এক ব্যক্তিকে ভাড়া দেওয়া হয়। পুলিশ পরে সেই ঘর থেকেই অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। তবে শাহবাদের অভিযোগ, উদ্ধার হওয়া অস্ত্র বা বিস্ফোরকের সঙ্গে ইমাম ইশতিয়াকের কোনও সম্পর্ক নেই।

পুলিশ এই ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং বর্তমানে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। ইশতিয়াকের ভাড়া দেওয়া ঘরে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে ডাঃ মুজাম্মিলের যোগসূত্র এবং ইমামের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।