হরমুজে ট্রাম্পের ‘টোল ট্যাক্স’ চাল! বাড়বে পেট্রোল-ডিজেলের দাম? বড় বিপাকে ভারত

ফের বারুদের স্তূপে মধ্যপ্রাচ্য। ইরানে মার্কিন সামরিক অভিযানের পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী পণ্যবাহী জাহাজের ওপর ২০ শতাংশ ‘চার্জ’ আরোপের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পরই বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারতের মতো দেশের অর্থনীতিতে এর প্রভাব নিয়ে তৈরি হয়েছে প্রবল উদ্বেগ।

কেন এই নতুন ‘টোল ট্যাক্স’? সোমবার ট্রাম্প জানান, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালী। এই পথে বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে মার্কিন সেনাবাহিনীর বিপুল খরচ হয়। সেই ক্ষতিপূরণ হিসেবেই জাহাজগুলোর থেকে ২০ শতাংশ চার্জ নেওয়া হবে। পাশাপাশি, ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ বা ব্লকেড চালুর সিদ্ধান্তও নিয়েছে ওয়াশিংটন।

ভারতের ওপর কতটা প্রভাব পড়বে? ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৯০ শতাংশই আসে উপসাগরীয় দেশগুলো থেকে, যা এই হরমুজ প্রণালী পেরিয়েই ভারতে পৌঁছায়। শুধু তেল নয়, শিল্প ও গৃহস্থালির প্রয়োজনে ব্যবহৃত এলএনজি (LNG) আমদানির ক্ষেত্রেও এই জলপথ অপরিহার্য।

অর্থনীতিবিদদের মতে, ঝুঁকি শুধু ২০ শতাংশ চার্জে সীমাবদ্ধ নয়। হরমুজ ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির ফলে জাহাজগুলির বিমা প্রিমিয়াম ও যুদ্ধকালীন ঝুঁকির খরচ বেড়ে গেছে। এর ফলে:

  • জ্বালানির দাম: অপরিশোধিত তেলের দাম বাড়লে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম লাগামছাড়া হতে পারে।

  • মূল্যস্ফীতি: পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর সরাসরি প্রভাব পড়বে।

  • অর্থনৈতিক চাপ: দেশের আমদানি বিল বাড়লে বাণিজ্য ঘাটতি এবং কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়বে, যা টাকার মূল্যের ওপর চাপ তৈরি করবে।

প্রস্তুত ভারত, বিকল্প পথে নজর তবে এই সংকটের মোকাবিলায় আগে থেকেই কিছুটা প্রস্তুত ভারত। গত তিন মাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প উৎস থেকে তেল আমদানি বাড়িয়েছে। রাশিয়া থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানির পাশাপাশি আমেরিকা, পশ্চিম আফ্রিকা এবং লাতিন আমেরিকার দেশগুলি থেকেও তেল কেনা হচ্ছে। ফলে সরাসরি ঝুঁকির মাত্রা কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবুও, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ক্রমশ উত্তপ্ত হওয়ায় তেলের বাজারে অস্থিতিশীলতা ভারতের সাধারণ মানুষের পকেটে কতটা টান দেয়, এখন সেটাই দেখার বিষয়।