চাকরি বদলানো কর্মীদের জন্য দারুণ সুখবর! এবার থেকে পিএফ ব্যালেন্স ট্রান্সফার হবে অটোমেটিক, জানুন পদ্ধতি

বেতনভোগী কর্মচারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। এবার থেকে চাকরি পরিবর্তন করলে পিএফ ব্যালেন্স ট্রান্সফারের ঝক্কি আর পোহাতে হবে না কর্মীদের। ইপিএফও পুরো প্রক্রিয়াটিকে ‘অটোমেটিক’ বা স্বয়ংক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিনের পুরনো দাবি মেনে এই নতুন সুবিধা চালু হওয়ায় লক্ষ লক্ষ ইপিএফও সদস্য উপকৃত হবেন।

কী এই অটোমেটিক পিএফ ট্রান্সফার?
এতদিন পর্যন্ত চাকরি পরিবর্তনের পর নতুন সংস্থায় পিএফ ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কর্মীদের আলাদা করে ফর্ম ১১ জমা দিতে হতো। সেই আবেদন প্রক্রিয়া ছিল দীর্ঘমেয়াদী এবং এতে আগের ও বর্তমান—উভয় নিয়োগকর্তার ডিজিটাল অনুমোদনের প্রয়োজন হতো। নতুন নিয়মে এই জটিলতা আর থাকবে না। এখন থেকে নতুন সংস্থায় প্রথম মাসের পিএফ জমা পড়ার সঙ্গে সঙ্গেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার পুরনো অ্যাকাউন্টের টাকা নতুন অ্যাকাউন্টে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করে দেবে।

শর্ত ও যোগ্যতা:
এই সুবিধার আওতায় আসার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে এবং আপনার কেওয়াইসি (KYC) সম্পূর্ণ আপডেট আছে। আধার লিঙ্কড কেওয়াইসি ছাড়া এই স্বয়ংক্রিয় সুবিধা পাওয়া সম্ভব নয়। তাই চাকরি বদলানোর আগেই নিজের পোর্টালের তথ্য যাচাই করে নেওয়া জরুরি।

পুরনো বকেয়া ব্যালেন্সের ক্ষেত্রে কী হবে?
অনেকের মনে প্রশ্ন রয়েছে, যাঁরা বেশ কয়েক বছর আগে চাকরি বদলেছেন বা যাঁদের পুরনো পিএফ ব্যালেন্স এখনও আলাদা অ্যাকাউন্টে পড়ে রয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে? বিশেষজ্ঞরা বলছেন, ইপিএফও সিস্টেম আপনার ইউএএন স্ক্যান করে আন-মার্জড সদস্য আইডিগুলি শনাক্ত করতে পারে। তবে, বহু বছরের পুরনো ব্যালেন্সের ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে কি না, তা নিয়ে সরকারি বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা রয়েছে। তাই আর্থিক বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সিস্টেমের ওপর সম্পূর্ণ ভরসা না করে যদি দীর্ঘদিনের পুরনো ব্যালেন্স না ট্রান্সফার হয়, তবে ম্যানুয়ালি আবেদন করাই শ্রেয়।

ম্যানুয়ালি আবেদনের সহজ ধাপ:
যদি অটোমেটিক পদ্ধতিতে ট্রান্সফার না হয়, তবে আপনি সহজেই নিজে অনলাইন আবেদন করতে পারেন:
১. প্রথমে EPFO মেম্বার পোর্টালে আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
২. ‘Online Services’ ট্যাবে গিয়ে ‘One Member One EPF Account (Transfer Request)’ অপশনটি বেছে নিন।
৩. আপনার ব্যক্তিগত বিবরণ ও বর্তমান পিএফ অ্যাকাউন্টের তথ্য পুনরায় যাচাই করুন।
৪. ‘Get Details’ অপশনে ক্লিক করলে আপনার পুরনো সমস্ত পিএফ অ্যাকাউন্টের তথ্য সামনে আসবে।
৫. আপনার আধার-লিঙ্কড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি দিয়ে সাবমিট করলেই আবেদন সফল হবে।

এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার ফলে পিএফ ট্রান্সফারের পুরোনো জটিলতা অনেকাংশেই কমে যাবে বলে আশা করা হচ্ছে।