হবু স্ত্রীর লেহেঙ্গা বদলাতে না পেরে দোকানে তাণ্ডব হবু বরের, ছিড়ে ফেললেন ৩২ হাজার টাকার লেহেঙ্গা! ভাইরাল ভিডিও

মুম্বইয়ের কল্যাণে এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যা স্তম্ভিত করেছে সবাইকে। হবু স্ত্রীর কেনা বিয়ের লেহেঙ্গা বদলাতে রাজি না হওয়ায়, এক হবু বর দোকানে ঢুকে ৩২ হাজার টাকা দামের ব্রাইডাল লেহেঙ্গাটি ছুরি দিয়ে ছিঁড়ে ফেলেছেন। এই পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে কল্যাণ ওয়েস্টের একটি পরিচিত ফ্যাশন স্টোর ‘কলাক্ষেত্র’-তে। দোকান সূত্রে জানা গেছে, গত ১৭ জুন কল্যাণের বাসিন্দা মেঘনা মাখিজা তাঁর বিয়ের জন্য ৩২,৩০০ টাকা দিয়ে একটি লেহেঙ্গা কেনেন। তবে বাড়িতে গিয়ে তাঁর মন পরিবর্তন হয়। এরপর তিনি দোকানে ফোন করে লেহেঙ্গাটি ফেরত দিতে চান।

দোকান কর্তৃপক্ষ মেঘনাকে জানায় যে, ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। তবে এক মাসের মধ্যে সেই একই মূল্যের অন্য যেকোনো পোশাকের সাথে লেহেঙ্গাটি পরিবর্তন (এক্সচেঞ্জ) করা যাবে। এই পরিবর্তনের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময়সীমা ঠিক করে দেয় দোকান।

এরপর ১৯ জুলাই মেঘনা পুনরায় দোকানে আসেন। লেহেঙ্গা পরিবর্তনের বিষয়ে কথা বলতে গিয়েই দোকানদারের সঙ্গে তাঁর তীব্র বাদানুবাদ শুরু হয়।

এর কয়েক ঘণ্টা পর মেঘনার হবু বর সুমিত সায়ানি দোকানে প্রবেশ করেন। চরম রাগে ফুঁসতে ফুঁসতে সুমিত দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি শুরু করেন। হঠাৎই তিনি পকেট থেকে ছুরি বের করে দোকানের মধ্যেই সেই লেহেঙ্গাটি ছিঁড়ে ফেলেন। শুধু তাই নয়, তিনি দোকানদারকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ।

দোকানদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ওই যুবক আমাকে বলেছে, যদি কথা না শুনি, এই লেহেঙ্গার মতো আমাকেও ছিঁড়ে ফেলবে।” দোকানদারের আরও অভিযোগ, সুমিত তাঁর কাছে ৩ লক্ষ টাকা দাবি করেন। সেই টাকা না দিলে দোকানের বদনাম করে ভিডিও ভাইরাল করারও হুমকি দেন তিনি।

পুরো ঘটনার ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটির পর ‘কলাক্ষেত্র’র দোকানদার কল্যাণ বাজারপেট থানায় সুমিত সায়ানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ভাইরাল ভিডিওটি পর্যালোচনা করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।