স্মার্টফোনপ্রেমীদের জন্য বড় ধাক্কা! Flipkart-এ হু হু করে বাড়ল Poco X8 Pro এবং Oppo K13 সিরিজের দাম

স্মার্টফোন প্রেমীদের জন্য এল এক দুঃসংবাদ। চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হওয়া জনপ্রিয় ব্র্যান্ড শাওমির সাবব্র্যান্ড পোকোর ফ্ল্যাগশিপ সিরিজ এবং ওপ্পোর শক্তিশালী ফোনগুলির দাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই হ্যান্ডসেটগুলির নতুন দাম তালিকাভুক্ত করা হয়েছে। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বাজারে ডিআরএএম (DRAM) এবং এনএএনডি (NAND) চিপের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে বাধ্য হয়েই অধিক দামে চিপ কিনতে হচ্ছে, যার জেরে দেশজুড়ে স্মার্টফোনের বাজারে এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
জনপ্রিয় মডেল পোকো এক্স৮ প্রো (Poco X8 Pro) এবং পোকো এক্স৮ প্রো ম্যাক্স (Poco X8 Pro Max)-এর সমস্ত ভ্যারিয়েন্টের দামই বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্লিপকার্ট সূত্রে জানা গিয়েছে, পোকো এক্স৮ প্রো-এর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলটির দাম লঞ্চের সময় ৩২,৯৯৯ টাকা থাকলেও, বর্তমানে তা বেড়ে হয়েছে ৩৯,৯৯৯ টাকা। অন্যদিকে, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজযুক্ত মডেলটির দাম ৩৫,৯৯৯ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৪২,৯৯৯ টাকা করা হয়েছে। অর্থাৎ এই মডেলটিতে একলাফে ৭,০০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, পোকো এক্স৮ প্রো ম্যাক্স ফোনটির ১২ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের বর্তমান দাম দাঁড়িয়েছে ৪৮,৯৯৯ টাকা, যা লঞ্চের সময় ছিল ৪২,৯৯৯ টাকা। এছাড়া এর শীর্ষ স্থানীয় ১২ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৬,৯৯৯ টাকা থেকে বাড়িয়ে ৫২,৯৯৯ টাকা করা হয়েছে। এই সিরিজের প্রতিটি মডেলেই প্রায় ৬,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য ধার্য করা হয়েছে।
পোকোর পাশাপাশি জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা সংস্থা ওপ্পোও তাদের জনপ্রিয় মডেল ওপ্পো কে১৩ টার্বো প্রো (Oppo K13 Turbo Pro)-র দাম বাড়িয়ে দিয়েছে। গত বছরের অগস্ট মাসে লঞ্চ হওয়া এই ফোনটির ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের প্রাথমিক দাম ৩৭,৯৯৯ টাকা থেকে বাড়িয়ে বর্তমানে ৪১,৯৯৯ টাকা করা হয়েছে। একইভাবে, ১২ জিবি র্যাম ও ২৫6 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৯,৯৯৯ টাকা থেকে বাড়িয়ে ৪৪,৯৯৯ টাকা করা হয়েছে। অর্থাৎ ওপ্পোর এই ফোনেও এক লাফে ৪,০০০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে চিপের সংকট না কাটলে আগামী দিনে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলির দামও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে গ্রাহকদের অতিরিক্ত খরচ করার মানসিকতা নিয়েই এগোতে হবে।