স্বামী নয়, এ তো সাক্ষাৎ শয়তান! স্ত্রীর ব্যক্তিগত ছবি, ভিডিও বিকৃত করে করলেন ভাইরাল

নিজেকে যার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন, সেই মানুষটিই হয়ে উঠল বিভীষিকা। স্বামীর চরম প্রতারণার শিকার হলেন শিলিগুড়ির এক তরুণী। অভিযোগ, স্বামী তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃত করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন। সোমবার রাতে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় স্বামী এবং তার এক বন্ধুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।

২০২৩ সালে বিয়ে হয়েছিল তাদের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর পেশা নিয়ে সন্দেহ করতেন স্বামী। এক পানশালায় কাজ করতেন ওই তরুণী, যা তাঁর স্বামী একেবারেই মেনে নিতে পারেননি। এই নিয়ে প্রায়শই চলত মানসিক ও শারীরিক নির্যাতন। পরিস্থিতি অসহনীয় হয়ে পড়ায় প্রায় ছয় মাস আগে বাপের বাড়িতে চলে আসেন তিনি।

তবে তাতেও রক্ষা মেলেনি। বাপের বাড়িতে চলে আসার পরও স্বামী তাকে নিয়মিত হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠাতে থাকেন। গত মাসের শেষে ফেসবুকে নিজের নামে খোলা একটি ভুয়ো প্রোফাইল দেখতে পান ওই তরুণী। সেই প্রোফাইলে ছিল তার বিকৃত করা ছবি ও ভিডিও। তরুণীর দাবি, স্বামীর ফোনেই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছিল, যা এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই কাজের জন্য স্বামী তার হায়দরপাড়ার এক বন্ধুকে ব্যবহার করেছেন বলে অভিযোগ। সেই বন্ধুই ছবি ও ভিডিও সম্পাদনা করে ভুয়ো প্রোফাইল থেকে ছড়িয়েছে। তরুণীর কথায়, “আমার স্বামী এমন কিছু করতে পারে, তা কখনও কল্পনাও করিনি। আমাকে বদনাম করার জন্যই ও এই কাজ করছে।”

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার বন্ধুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং সবদিক খতিয়ে দেখা হচ্ছে।