চিড়িংহাটার জট খুলতে হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত চালু হচ্ছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো

বহু প্রতীক্ষিত নিউ গড়িয়া-এয়ারপোর্ট ‘অরেঞ্জ লাইন’ মেট্রোর কাজ মাত্র ৩৬৬ মিটারের জন্য আটকে ছিল। আর এর প্রধান কারণ ছিল চিংড়িহাটার তীব্র যানজট। এবার এই সমস্যার সমাধানে সরাসরি হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই জট দ্রুত না কাটলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।
হাইকোর্টের নির্দেশ কী?
আদালত মেট্রো রেল, রাজ্য সরকার, রেল বিকাশ নিগম (আরভিএনএল), কেএমডিএ এবং কলকাতা পুলিশকে জরুরি ভিত্তিতে একসঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, সমস্যার মূল কারণ খুঁজে বের করে আলোচনা করে সমাধান করতে হবে। আগামী মঙ্গলবার পার্কস্ট্রিটের মেট্রো ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। জনগণের স্বার্থকে মাথায় রেখে এই আলোচনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে।
আরভিএনএল-এর বক্তব্য
আদালতে আরভিএনএল জানায়, চিংড়িহাটার এই সামান্য অংশের কাজ শেষ করতে বেশি সময় লাগবে না। যদি রাজ্য সরকার অনুমতি দেয়, তাহলে শুক্র থেকে রবিবার রাতের মধ্যে ধাপে ধাপে কয়েক ঘণ্টা ট্রাফিক নিয়ন্ত্রণ করেই কাজ সম্পূর্ণ করা সম্ভব। আরভিএনএল-এর দাবি, সামান্য উদ্যোগ নিলেই বহু মানুষ উপকৃত হবেন।
এই মেট্রো লাইন চালু হলে দক্ষিণ কলকাতা থেকে এয়ারপোর্টে যাতায়াত অনেক সহজ হবে। হাইকোর্টের এই নির্দেশের পর নিত্যযাত্রীরা আশার আলো দেখছেন।