“স্বাভাবিকের চেয়ে ৪২% বেশি বৃষ্টি”-কোন রাজ্যগুলো ভিজল সবচেয়ে বেশি?

জুন মাসে বর্ষার খেল ছিল কিছুটা ম্লান, কিন্তু জুলাইয়ের শুরুতেই যেন ছন্দে ফিরেছে মৌসুমি বায়ু। আইএমডি (IMD)-র তথ্য অনুযায়ী, ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সারা দেশে স্বাভাবিকের তুলনায় ৪২ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দেশের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।

পাওয়ার প্লে ব্যাটিংয়ে বর্ষা: আবহাওয়াবিদদের মতে, জুন মাসে দুর্বল বায়ুপ্রবাহ এবং এল নিনোর প্রভাবে বর্ষার গতি ছিল শ্লথ। তবে জুলাইয়ের শুরুতেই বঙ্গোপসাগর ও মধ্য ভারতে পরপর নিম্নচাপ তৈরির ফলে বর্ষা নতুন করে সক্রিয় হয়ে ওঠে। ৯ জুলাই, বৃহস্পতিবারের মধ্যে রাজস্থান, হরিয়ানা ও দিল্লি স্পর্শ করে সারা দেশে ছড়িয়ে পড়েছে মৌসুমি বায়ু। সাধারণত ৮ জুলাইয়ের মধ্যে সারা দেশে বর্ষা পৌঁছে গেলেও, এ বছর মাত্র একদিনের দেরিতে সেই লক্ষ্য পূরণ হয়েছে।

কোথায় কতটা বৃষ্টি? তথ্য বলছে, ১ থেকে ৮ জুলাই দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬৫.১ মিলিমিটার, তার বদলে রেকর্ড হয়েছে ৯২.৩ মিলিমিটার।

  • সবচেয়ে বেশি বৃষ্টি: মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, ছত্তীসগঢ় এবং ওড়িশায়। বিশেষ করে মধ্যপ্রদেশ রেকর্ড বৃষ্টি দেখেছে।

  • যেখানে এখনও ঘাটতি: সারা দেশে বর্ষা ছড়ালেও কিছু রাজ্যে এখনও বৃষ্টির আকাল রয়ে গেছে। এর তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, তামিলনাড়ু, বিহার, অসম ও মেঘালয়।

আগামী কয়েক দিনের পূর্বাভাস: আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তর ভারতে বর্ষার দাপট বজায় থাকবে। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও দিল্লিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে সক্রিয় নিম্নচাপটি উত্তরপ্রদেশের দিকে সরে যাওয়ায়, ৯ জুলাই থেকে মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

জুনের ৬০ শতাংশ বৃষ্টির ঘাটতি গত এক সপ্তাহে অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ভারত। এখন দেখার বিষয়, কবে নাগাদ দক্ষিণবঙ্গের মতো বৃষ্টির ঘাটতি থাকা রাজ্যগুলোয় স্বস্তির বৃষ্টি নামে।