স্বল্প খরচে পুজো পরিক্রমা! প্রবীণদের জন্য দারুণ উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম

দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এক অভিনব উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ বাস পরিষেবার সূচনা করা হয়েছে। গত শনিবার শিলিগুড়ির তেজিং নোরগে বাস টার্মিনাস থেকে এই পরিষেবার উদ্বোধন করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
রাজ্য সরকারের দেওয়া ৩০টি নতুন সিএনজি বাসের মধ্যে ১০টি বাস শিলিগুড়ি-কোচবিহার এবং শিলিগুড়ি-ফরাক্কা রুটে চলবে। এর পাশাপাশি দুর্গাপূজার চতুর্থী এবং পঞ্চমী তিথিতে বয়স্ক মানুষদের জন্য স্বল্প খরচে এসি এবং নন-এসি বাসে শহরের বিভিন্ন বিখ্যাত মণ্ডপ ঘোরার ব্যবস্থা করা হয়েছে। পুজো পরিক্রমা সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
এই পরিষেবার সুবিধা পেতে হলে শিলিগুড়ি বাস টার্মিনাসে গিয়ে আগে থেকে বুকিং করতে হবে। নিগম সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ১০ জন যাত্রী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। নিগম আশা করছে পুজোর দিনগুলোতে এই পরিষেবার চাহিদা আরও বাড়বে।
নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, “বয়সজনিত কারণে অনেক প্রবীণ মানুষ ভিড়ে যেতে পারেন না। তাঁদের পক্ষে পরিবারের অন্য সদস্যদেরও সবসময় সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই তাঁদের কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বল্প খরচে আরামদায়ক পরিবেশে তাঁরা পুজোর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।” তিনি আরও বলেন যে, বাসে প্রবীণদের আরাম এবং নিরাপত্তার দিকে বিশেষ নজর রাখা হবে। এই উদ্যোগের ফলে তাঁরা ভিড় এড়িয়ে নির্বিঘ্নে শহরের আলো ঝলমলে দুর্গাপূজা দেখতে পারবেন।
উল্লেখ্য, রবিবার থেকে শিলিগুড়ি-গ্যাংটক রুটেও নতুন বাস পরিষেবা চালু হচ্ছে, যা উত্তরবঙ্গের পর্যটনকে আরও সহজ এবং সুবিধাজনক করবে।