জুবিন গর্গের অকাল প্রয়াণ, শোকে স্তব্ধ অসম! কোথায় রাখা হবে সঙ্গীতশিল্পীর দেহ?

সঙ্গীত জগতে শোকের ছায়া! অকালেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে একটি শো করতে গিয়ে অবসরে স্কুবা ডাইভিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা অসম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা এক্সে (পূর্বে টুইটার) জানিয়েছেন, অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য গুয়াহাটির অর্জুন ভোগেস্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জুবিন গর্গের মরদেহ রাখা হবে। ভিড় সামলানোর জন্য সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিঙ্গাপুর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে জুবিন গর্গের মরদেহ প্রথমে দিল্লি বিমানবন্দরে আনা হয়। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানান অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। এরপর তাঁর মরদেহ গুয়াহাটিতে নিয়ে আসা হয়। প্রিয় গায়ককে এক ঝলক দেখার জন্য গুয়াহাটির পথে পথে মানুষের ঢল নেমেছে। তাঁর বাসভবনের সামনেও ভিড় করেছেন অগণিত মানুষ।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টায় একটি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে, যেখানে জুবিন গর্গের শেষকৃত্য কোথায় এবং কীভাবে সম্পন্ন হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। একজন অসাধারণ শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং হাজার হাজার মানুষের হৃদয়ের প্রিয় মানুষ হিসেবে জুবিন গর্গ চিরকাল বেঁচে থাকবেন তাঁর অনুরাগীদের মনে।