সূর্যকুমারের ‘অস্বীকার’ নিয়ে বিতর্ক! পাক অধিনায়ক বললেন, ‘ওরা যা খুশি করতে পারে, আমরা প্রোটোকল মানি’

এশিয়া কাপ ফাইনালের আগে ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা যেন মাঠের বাইরেও পারদ চড়িয়েছে। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ফাইনালে ট্রফি নিয়ে প্রথাগত ফটোশুট এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে। এই বিতর্ক নিয়ে এবার মন্তব্য করলেন পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা।
সূর্যকুমারের সিদ্ধান্ত নিয়ে সলমন আঘার মন্তব্য
রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপের ট্রফি ফটোশুটে সূর্যকুমার যাদবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে পাক অধিনায়ক সলমন আঘা স্পষ্ট ভাষায় বলেন, “ওরা যা খুশি তাই করতে পারে, আমরা শুধু প্রোটোকল মেনে চলব। বাকিটা তাদের উপর নির্ভর করে – যদি তারা আসতে চায় তবে তারা আসবে এবং যদি তারা না আসে তবে আমরা কিছুই করতে পারি না।”
সূর্যকুমারের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন টুর্নামেন্টের লিগ এবং সুপার ফোর উভয় পর্বেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে করমর্দন এড়িয়ে যাওয়া এবং পাকিস্তানের বিতর্কিত উদযাপন নিয়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল।
মাঠের বাইরের গোলমালকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান
উল্লেখ্য, ৪১ বছর পর এই প্রথমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তার আগে মাঠের বাইরের এই বিতর্ক দলগুলিকে কতটা প্রভাবিত করছে?
সলমন আঘা জানান, বাইরের গোলমাল নিয়ে তারা চিন্তিত নন। তিনি বলেন, “আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না সেদিকে মনোনিবেশ করি না। মিডিয়ার কথাবার্তা, বাইরের গোলমাল – আমরা এটি উপেক্ষা করি। আমাদের লক্ষ্য এশিয়া কাপ।”
তবে ফাইনালের চাপ স্বীকার করে নিয়েছেন পাক অধিনায়ক। তিনি বলেন, “হ্যাঁ, পাকিস্তান-ভারত ম্যাচ সবসময়ই চাপ বহন করে। সত্যি কথা হলো, আমরা তাদের চেয়ে বেশি ভুল করেছি, যে কারণে আমরা হেরেছি। এই গেমগুলিতে, যে দল কম ভুল করে তারা সাধারণত জিতেছে। আগামীকাল আমাদের লক্ষ্য ভুল কমিয়ে আনা।”