সুপ্রিম কোর্টে আজ ফের মমতা বনাম নির্বাচন কমিশন! ভোটার তালিকা সংশোধন নিয়ে দুপুরে চূড়ান্ত শুনানি

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আজ, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে বেলা ২টোর সময় এই মামলার শুনানি শুরু হওয়ার কথা। গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে উপস্থিত থেকে সওয়াল করেছিলেন। তবে তৃণমূল সূত্রের খবর, আজ তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলেও তাঁর আইনজীবীরা রাজ্যের অবস্থান জোরালোভাবে পেশ করবেন।
বিগত শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল যে, নিছক বানানের ভুল বা ছোটখাটো তথ্যগত অসঙ্গতির কারণে কোনও প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। আদালত পরামর্শ দিয়েছিল, যদি রাজ্য সরকার বাংলা ভাষা ও স্থানীয় উপভাষা বোঝেন এমন অফিসারদের দিয়ে কমিশনকে সাহায্য করে, তবে কাজ সহজ হবে। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার ইতিপূর্বেই নির্বাচন কমিশনকে জানিয়েছে যে, তারা ৮৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক দিতে প্রস্তুত। আজ এই তথ্যটি সুপ্রিম কোর্টকেও জানানো হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, এসআইআর শুনানির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে। রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল ইতিমধ্যেই এই মর্মে আবেদন করেছেন। যদি সময়সীমা বাড়ানো হয়, তবে আগামী ১৪ ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনটি পিছিয়ে যেতে পারে। ৭০ লক্ষ মানুষের শুনানি এবং ১.৩৬ কোটি ভোটারের ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে রাজ্যের যে অভিযোগ, তার ওপর ভিত্তি করে আজ সুপ্রিম কোর্ট কী চূড়ান্ত নির্দেশ দেয়, তার ওপরই নির্ভর করছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ প্রেক্ষাপট।