সুন্দরবনের সিদুর কাটি এলাকায় বাঘের অতর্কিত হামলা! ফের প্রাণ গেল এক মৎস্যজীবীর, জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

ফের বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম তাপস হালদার। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বনি ক্যাম্প সংলগ্ন সিদুর কাটি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কুলতলির মহিপিঠ কোস্টাল এলাকার নগেনাবাদের বাসিন্দা তাপস হালদার, গোপাল পাইক এবং নেপাল পাইক বৈধ পাস নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

নৌকায় হামলা, সঙ্গী দেখল মৃত্যু: শুক্রবার বিকেলে নৌকায় বসে থাকার সময় অতর্কিতে জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাপস হালদারের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘটি তাঁকে টেনে হিঁচড়ে জঙ্গলের গভীরে নিয়ে যেতে শুরু করে। সাহায্যের জন্য তাপস হালদারের তীব্র চিৎকার শুনে সঙ্গীরা ছুটে আসেন এবং বাঘের মুখ থেকে তাঁকে ছিনিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা বিফল হয়।

প্রত্যক্ষদর্শী নেপাল পাইক জানান, “আমরা অনেক চেষ্টা করি, কিন্তু বাঘ টানতে টানতে তাপসকে জঙ্গলে নিয়ে যায়।” এরপর নেপাল ও গোপাল পাইক গ্রামে ফিরে আসেন এবং পরিবারের লোক ও বন দফতরের আধিকারিকদের সম্পূর্ণ বিষয়টি জানান।

উদ্ধার ও শোক: খবর পেয়ে বনবিভাগের কর্মীরা পুলিশ ও কোস্টাল থানার সহযোগিতায় জঙ্গল থেকে তাপস হালদারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মৃতের স্ত্রী পার্বতী হালদার শোকে বিহ্বল হয়ে বলেন, “আমার স্বামী জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে। কিন্তু বাঘে টেনে নিয়ে চলে গিয়েছে। কী করব বুঝে উঠতে পারছি না। এক মুহূর্তে আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে।” গত কয়েকদিনের মধ্যে সুন্দরবনে বাঘের আক্রমণে আবারও মৎস্যজীবীর মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।