নয়া শ্রম কোড কার্যকর হতেই দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি, মোদি সরকারের বিরুদ্ধে ‘প্রত্যক্ষ জালিয়াতি’র অভিযোগ!

কেন্দ্রীয় সরকারের চারটি নতুন শ্রম কোড (New Labour Codes) কার্যকর করার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে দেশের অন্তত ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (Trade Unions)। শুক্রবার থেকে এই কোডগুলি কার্যকর করার বিজ্ঞপ্তি জারি হতেই একযোগে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
তাদের অভিযোগ, সরকার একতরফা, প্রতারণামূলক ও শ্রমিক-বিরোধী (Anti-Worker) পথে হেঁটে এই সিদ্ধান্ত নিয়েছে, যা শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ‘প্রত্যক্ষ জালিয়াতি’।
২০১৯ সাল থেকে ধাপে ধাপে সংসদে পাশ হওয়া চারটি কোড—’কোড অন ওয়েজেস’, ‘ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স কোড’, ‘কোড অন সোশ্যাল সিকিউরিটি’, এবং ‘অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড’—কার্যকর হওয়ার ফলে ২৯টি পুরনো শ্রম আইন বাতিল হয়ে গেল।
যদিও সরকারের দাবি, এই সংস্কার ন্যূনতম মজুরি (Salary), নিরাপদ কর্মপরিবেশ এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার মতো অধিকারকে আরও বিস্তৃত করবে। তবে শ্রম বিশেষজ্ঞ ও ইউনিয়নগুলির (Unions) মতে, পরিযায়ী শ্রমিক, স্বনিযুক্ত ও হোম-বেসড কর্মীদের বিরাট অংশই এর আওতার বাইরে রয়ে গেলেন।
ট্রেড ইউনিয়নগুলির যুক্তি, নতুন বিধানে নিয়োগকর্তাদের জন্য শ্রমিক ছাঁটাই সহজ হবে, যৌথ দরকষাকষি (Collective Bargaining) কঠিন হবে এবং শ্রমিকদের ধর্মঘটে অংশ নেওয়ার অধিকার সংকুচিত হবে। ফলস্বরূপ শ্রমিকের সুরক্ষা ও অধিকার দুইই কমবে।
ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এআইটিইউসি, সিইটিইউ-সহ মোট দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেছে, গণতান্ত্রিক পরামর্শ ছাড়াই কেন্দ্র ‘অবাধ ও অত্যাচারীর মতো’ সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। তাদের কটাক্ষ, ‘জনবিরোধী’ এই শ্রম কোড আসলে শ্রমিকদের ‘দাসত্বে ঠেলে দেওয়ার’ নীতি।
ইউনিয়নগুলির দাবি, কোড কার্যকর না করার জন্য তারা বারবার সরকারকে অনুরোধ করেছিল। এমনকি গত ১৩ নভেম্বর ভারতীয় শ্রম সম্মেলন ডাকার দাবিও উঠেছিল, কিন্তু কেন্দ্র নীরব থেকেছে। বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ (NDA) বিহার ভোটে বড় জয়ের পর আরও আত্মবিশ্বাসী হয়ে এই ‘তাড়াহুড়ো’ করেছে বলেও বিবৃতিতে কটাক্ষ করা হয়েছে।
নতুন শ্রম কোড প্রত্যাহারের দাবিতে আগামী ২৬ নভেম্বর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এই দিন কর্মস্থলে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানাতে সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউনিয়নগুলির সতর্কবার্তা—কোড প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।