সীমানায় বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে বেধড়ক মার! ছিনিয়ে নেওয়ার চেষ্টা আগ্নেয়াস্ত্র, ত্রিপুরায় তোলপাড়!

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ভয়াবহ ও দুঃসাহসিক হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি সীমান্তে টহল দেওয়ার সময় একদল পাচারকারী ও দুষ্কৃতী বিএসএফের তিন জওয়ানকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে মারাত্মক অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আক্রমণের পর আহত জওয়ানদের সরকারি আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালানো হয় এবং বিএসএফের একটি টহলদারি গাড়িতে বেপরোয়া ভাঙচুর চালানো হয়। সীমান্তে নিরাপত্তারক্ষীদের ওপর এমন প্রকাশ্যে হামলার ঘটনায় প্রশ্ন উঠছে আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সোমবার সকালে বক্সনগরের আশাবাড়ি সীমান্ত এলাকায় নজরদারির সময় এক সন্দেহভাজন পাচারকারী যুবককে আটক করেন কর্তব্যরত জওয়ানরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় আচমকাই স্থানীয় কিছু দুষ্কৃতী ও গ্রামবাসীরা আইন হাতে তুলে নেয়। আটক যুবককে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা জওয়ানদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিএসএফ জওয়ানদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এই ঘটনার তীব্র তীব্র প্রতিবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের ওপর এ ধরনের আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের সর্বোচ্চ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।