উৎসবের মুখেই ৯ কোটির বিষাক্ত খাবার জব্দ! পতঞ্জলির ঘিতে বড় ঘাপলা, মাথায় হাত ভক্তদের?

উৎসবের মরসুমে রাজ্যজুড়ে খাদ্য ভেজালকারীদের বিরুদ্ধে মারাত্মক সার্জিক্যাল স্ট্রাইক চালাল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। এক বিশাল অভিযানে ৯ কোটি টাকারও বেশি মূল্যের অনিরাপদ ও ভেজাল খাদ্যপণ্য বাজেয়াপ্ত করেছে প্রশাসন। শুধু তাই নয়, নিয়ম লঙ্ঘনের দায়ে পতঞ্জলি আয়ুর্বেদের এক সুপার ডিস্ট্রিবিউটর-সহ মোট ১৯টি খ্যাতনামা খাদ্য প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের লাইসেন্স একযোগে স্থগিত করে দেওয়া হয়েছে।
সরকারি বিবরণ অনুযায়ী, মহারাষ্ট্রের সাতটি বিভাগের ১১৪টি প্রতিষ্ঠানে একসঙ্গে হানা দিয়ে প্রায় ৩.৫৩ লক্ষ কেজি ভেজাল খাদ্যদ্রব্য বাজেয়াপ্ত করেছে এফডিএ, যার আনুমানিক বাজারমূল্য ৯.০১ কোটি টাকা। বাজেয়াপ্ত তালিকার অন্যতম বড় চমক হলো পতঞ্জলির গরুর ঘি! ছত্রপতি সম্ভাজিনগরে অবস্থিত পতঞ্জলি আয়ুর্বেদের সুপার ডিস্ট্রিবিউটর ‘মেসার্স দিব্য মহাবিতারক’-এর আস্তানা থেকে ২০.২০ লক্ষ টাকা মূল্যের ২,২৭৯.৭ লিটার (৪,০৩২ ইউনিট) পতঞ্জলি ঘি বাজেয়াপ্ত করা হয়। সংস্থার দাবি, ভুল লেবেলিং এবং মারাত্মক ভেজালের সন্দেহে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’ মেনে এই পদক্ষেপ করা হয়েছে।
এর পাশাপাশি মুম্বই, অমরাবতী এবং ছত্রপতি সম্ভাজিনগরের নামকিন, মিষ্টি ও মশলা প্রস্তুতকারক ১৯টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের অভাব এবং খাদ্য সংরক্ষণে চরম গাফিলতির কারণে এই পদক্ষেপ। অভিযানে থানের ‘অ্যাভিনিউ সুপারমার্টস’ থেকে ১.৪৪ লক্ষ কেজি ভোজ্য তেল এবং সাতারার ‘আমিন ট্রেডার্স’ থেকে বিপুল চাল-ডাল জব্দ হয়েছে।
এছাড়া ২৮ থেকে ৩১ অক্টোবরের অভিযানে ৭৯.৪০ লক্ষ টাকার নিষিদ্ধ খাদ্যপণ্য জব্দ করে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৭টি প্রতিষ্ঠান সিল করা হয়েছে। অন্য এক পৃথক ঘটনায়, ‘টাটা ১এমজি মেরিন কোলাজেন পাউডার’-এর বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে ‘ফ্যাসাই’ (FSSAI) টাটা ১এমজি, অ্যামাজন ও ফ্লিপকার্টকে ৩০ দিনের মধ্যে উত্তর দেওয়ার কড়া নোটিশ পাঠিয়েছে।