‘সিএম বা পিএম কোনও সিট খালি নেই’! বিহারে নীতীশ কুমারই NDA-র মুখ্যমন্ত্রী মুখ, চূড়ান্ত স্পষ্ট করলেন অমিত শাহ

অবশেষে সেই কঠিন প্রশ্নের উত্তর মিলল, যা নিয়ে বিহারের রাজনীতিতে শুরু থেকেই ধোঁয়াশা ছিল। আরজেডি নেতা তেজস্বী যাদব যে প্রশ্নকে হাতিয়ার করে বারবার নীতীশ কুমারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন, এবার বিহারে পা রেখে ভাবী মুখ্যমন্ত্রীর সম্ভাব্য নাম নিয়ে রাখঢাক ঘুচিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতিতে কোনো পদ ফাঁকা থাকে না – সে প্রধানমন্ত্রীর পদই হোক, কী মুখ্যমন্ত্রীর।

অমিত শাহের সরাসরি বার্তা

চলতি নির্বাচনে এনডিএ জোট জয়লাভ করলে নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন, নাকি নতুন কোনো মুখ আনবে বিজেপি – এই জল্পনা দীর্ঘদিনের। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীতীশ কুমারের প্রশংসা করলেও, মুখ্যমন্ত্রীর মুখ প্রসঙ্গে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। সেই স্পষ্ট বার্তা এবার শোনা গেল অমিত শাহের মুখে।

এদিন বিহারে একটি জনসভায় বক্তৃতা করতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘সিএম হোক কী পিএম কোনো সিট খালি নেই। এখানে নীতীশ কুমার আছেন, ওখানে প্রধানমন্ত্রী মোদি আছেন।’’

এর মাধ্যমে অমিত শাহ দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন যে, আসন্ন নির্বাচনে এনডিএ জিতলে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারই থাকবেন।

মোদি ও নীতীশের সখ্যতা

অমিত শাহ আরও জানান যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ‘ভারতরত্ন’-এ ভূষিত করে বিহারের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছেন।

এর আগে, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের সমস্তিপুরের গ্রামে আয়োজিত এক প্রচারসভায় মোদি নীতীশ কুমারের প্রশংসা করে বলেছিলেন, ‘‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে এনডিএ।’’

গত প্রায় দু’দশক ধরে বিহারে এনডিএ ক্ষমতা ধরে রেখেছে (মাঝের কয়েকটা বছর বাদ দিয়ে)। এই জোট বদলের খেলায় বারে বারেই মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার। সম্প্রতি লোকসভা নির্বাচনের আগে তিনি আচমকা এনডিএ ছেড়ে ইন্ডিয়া জোটে যোগ দেন এবং কিছুদিন পরই আবার বিজেপির সঙ্গে হাত মেলান।