সহিংসতার আগুনে জ্বলছে নেপাল! এবার ভাঙচুর পশুপতিনাথ মন্দিরেও, সেনা প্রহরায় চলছে নিরাপত্তা

নেপালে রাজনৈতিক অস্থিরতা এবং বিক্ষোভের জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অলি সরকারের পতনের পর সে দেশে সেনা শাসন জারি হলেও সহিংসতা কমেনি। এবার কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরও বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে বিক্ষোভকারীরা পশুপতিনাথ মন্দিরে ভাঙচুরের পাশাপাশি লুঠপাট করার চেষ্টা করে। তবে সেনাবাহিনী তৎপরতার সঙ্গে এই হামলা প্রতিহত করেছে। বর্তমানে মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মন্দির সংলগ্ন গোশালা চকেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

বিক্ষোভকারীরা লুম্বিনীর গৌতম বুদ্ধ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে। তারা পার্কিং এলাকায় অন্তত পাঁচটি গাড়ি এবং দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।

অন্যদিকে, বাঁকে জেল ও জুভেনাইল হোমে সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের গুলিতে পাঁচ বন্দি নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। এই সুযোগে প্রায় ২০০-র বেশি কয়েদি জেল থেকে পালিয়ে গেছে। জুভেনাইল হোমের বেশ কয়েকজন নাবালকও নিখোঁজ রয়েছে। এই ঘটনার পর বাঁকে জেলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

দেশের সার্বিক শান্তি বজায় রাখার লক্ষ্যে সেনাপ্রধান অশোক রাজ সিগডেল আন্দোলনকারীদের কাছে আবেদন জানিয়েছেন। তিনি জাতীয় ঐক্য বজায় রাখার জন্য সবাইকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।