তেলেঙ্গানার প্রশাসনিক মহলে এক বিরাট দুর্নীতির পর্দা ফাঁস করল অ্যান্টি করাপশন ব্যুরো (ACB)। রাজ্যের Roads and Buildings Department-এর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মোহন নায়েক জরুপলাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন শাখা। সরকারি উচ্চপদস্থ আধিকারিক হয়েও নিজের বৈধ আয়ের বাইরে গিয়ে যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তিনি, তা দেখে খোদ তদন্তকারী আধিকারিকরাই বিস্মিত।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত মোহন নায়েকের এই বিপুল সম্পত্তির পাহাড় গড়ার খবর পাওয়ার পরই নড়েচড়ে বসে ACB। এরপরই দুর্নীতির দায়ে মামলা রুজু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু হয়। হায়দরাবাদ, নিজামাবাদসহ মোট ১৫টি জায়গায় একযোগে হানা দেন তদন্তকারীরা। এতেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
ACB সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি নথিপত্র অনুযায়ী উদ্ধার হওয়া সম্পত্তির বাজারমূল্য প্রায় ১৭.৯৫ কোটি টাকা। কিন্তু তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক অনুমান, হায়দরাবাদ ও তার পার্শ্ববর্তী এলাকায় জমি ও ফ্ল্যাটের যে বর্তমান বাজারদর, তাতে এই সম্পদের প্রকৃত বাজারমূল্য ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা নগদ, ১.৪৪ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স এবং প্রায় আড়াই কেজি সোনার গয়না, যার বর্তমান বাজারমূল্য ২ কোটি টাকা। এছাড়া ৬ কেজি রুপোর সামগ্রী, প্রচুর দামি ইলেকট্রনিক্স, ৯টি মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ এবং দুটি বিলাসবহুল গাড়ির নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মোহন নায়েকের নামে নিজামাবাদ জেলার মুলাঙ্গি গ্রামে প্রায় ১৯.৩৮ একর কৃষি জমির হদিশ মিলেছে। পাশাপাশি, হায়দরাবাদের অভিজাত এলাকা কোমপল্লি ও গাচিবাউলিতে রয়েছে ৭টি ফ্ল্যাট, যার সরকারি মূল্যই প্রায় ৭.৩৫ কোটি টাকা। এখানেই শেষ নয়, মিয়াপুরে একটি বিলাসবহুল ট্রিপ্লেক্স ভিলা এবং কুকাটপল্লিতে একটি আলিশান বাড়ির মালিকানাও তাঁর নামে পাওয়া গিয়েছে। এছাড়া নিজামপেটে নতুন বাড়ি তৈরির জন্য ১ কোটি টাকা অগ্রিম দিয়েছিলেন তিনি।
গ্রেফতারের পর অভিযুক্তকে হায়দরাবাদের বিশেষ ACB আদালতে পেশ করা হয়েছে। আদালতের নির্দেশেই শুরু হয়েছে বিচারপ্রক্রিয়া। তবে তদন্তকারীদের মতে, এটি শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। পূর্ণাঙ্গ তল্লাশি ও আর্থিক লেনদেনের হিসেব যাচাই করলে আরও বহু অঘোষিত সম্পত্তির হদিশ মিলবে বলে মনে করছে প্রশাসন। এই ঘটনায় তেলেঙ্গানার উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের একাংশের দুর্নীতি নিয়ে জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।





