শ্রীনগরে বানচাল জঙ্গিদের বড়সড় নাশকতার ছক! ৩ সন্দেহভাজন গ্রেফতার

জম্মু-কাশ্মীরে ফের বড়সড় নাশকতার ছক বানচাল করল শ্রীনগর পুলিশ। বৃহস্পতিবার বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক-সহ তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পাল্টা জবাব দিতে পাক মদতপুষ্ট জঙ্গিরা উপত্যকায় নাশকতার পরিকল্পনা করছিল।
গোয়েন্দা তথ্য হাতে আসতেই উপত্যকায় নিরাপত্তা আরও বাড়ানো হয় এবং জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। এই তল্লাশি অভিযানের সময়েই শ্রীনগরের ডালগেটের কোনাখানের মমতা চকের কাছ থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
এদিন রুটিন তল্লাশির সময়ে একটি নম্বরবিহীন কালো মোটরবাইক পুলিশের নজরে পড়ে। বাইকে চালক ছাড়াও আরও দুই যাত্রী ছিল।
পুলিশ দেখেই তারা পালানোর চেষ্টা করে। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসারদের তৎপরতায় তা সম্ভব হয়নি।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ধৃতদের নাম হলো: ১. শাহ মুতাইব (কুলিপোরা খানিয়ারের বাসিন্দা) ২. কামরান হাসান শাহ (কুলিপোরা খানিয়ারের বাসিন্দা) ৩. মহম্মদ নাদিম (উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা)
খানিয়ার থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ইউএপিএ (UAPA) এবং মোটর ভেহিকল আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা এই অস্ত্র ব্যবহার করে কোথায় হামলার ছক কষেছিল, তা জানতে জেরা চলছে।
গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, অক্টোবর মাসে পাক অধিকৃত কাশ্মীরে জামাত-ই-ইসলামি, হিজবুল মুজাহিদিন এবং আইএসআই-এর বেশ কয়েকজন মিলে গোপনে একটি বৈঠক করেছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন যে জঙ্গি গোষ্ঠীগুলির স্লিপার সেলগুলিকে পুনরায় সক্রিয় করার পরিকল্পনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপত্যকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।