শেষ হল অপেক্ষা! অস্কারের মঞ্চে কোন ভারতীয় ছবি? জানা যাবে আজ সন্ধ্যায়

অস্কারের মঞ্চে ভারতের হয়ে কোন সিনেমা প্রতিনিধিত্ব করবে, তা আজ (শুক্রবার) ঘোষণা করতে চলেছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI)। কলকাতার পার্ক স্ট্রিটের দ্য বেঙ্গল ক্লাবে এক অনুষ্ঠানে আজ বিকেল ৫.৩০ মিনিটে এই ঘোষণা করা হবে। এর মাধ্যমে জানা যাবে, কোন ভারতীয় সিনেমা ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে স্থান পাবে।
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসুল হাসান জানিয়েছেন, অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। তিনি বলেন, “এই বছর আমি কলকাতায় ঘোষণাটি করার চেষ্টা করছি। আমরা সব প্রযোজককে তাদের সিনেমা জমা দেওয়ার আহ্বান জানিয়েছি, যাতে সেরা কাজটিই নির্বাচিত হয়।”
১৯৫৭ সাল থেকে ভারত আনুষ্ঠানিকভাবে অস্কারে মনোনয়ন পাঠিয়ে আসছে। সেবার মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’ ভারতের প্রথম আনুষ্ঠানিক মনোনয়ন ছিল। গত বছর কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ ভারতের হয়ে গিয়েছিল, যদিও সেটি সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিতে পারেনি।
এফএফআই বর্তমানে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি)-এর সঙ্গে আলোচনা করছে, যাতে অস্কারে ভারতীয় সিনেমার প্রচারে আরও বেশি সরকারি সহায়তা পাওয়া যায়। এর লক্ষ্য হলো, বিশ্ব মঞ্চে ভারতীয় সিনেমাকে আরও ভালোভাবে তুলে ধরা।
উল্লেখ্য, মালায়ালাম চলচ্চিত্র নির্মাতা ডক্টর বিজুর সিনেমা ‘পাপা বুকা’, যেখানে বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী রয়েছেন, ইতিমধ্যেই পাপুয়া নিউ গিনির আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।
আজকের এই ঘোষণার মধ্য দিয়ে ভারতীয় সিনেমার অস্কার যাত্রা শুরু হবে, যা চলবে আগামী বছর ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস পর্যন্ত।