“শুভ জন্মদিন মমতা দিদি!” নতুন বছরে বাংলার মুখ্যমন্ত্রীকে বড় উপহার মোদির?

আজ ৫ জানুয়ারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন। এই বিশেষ দিনে প্রতি বছরের মতো এবারও সৌজন্য বজায় রেখে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে সমাজ মাধ্যম ‘এক্স’-এ প্রধানমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি।”

অফিসিয়াল রেকর্ড অনুযায়ী ১৯৫৫ সালের ৫ জানুয়ারি তাঁর জন্ম হলেও, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের লেখা বই ‘একান্তে’-তে জানিয়েছেন, তাঁর জন্ম হয়েছিল দুর্গাপুজোর মহাষ্টমীর সন্ধিক্ষণে। সেই কারণে ঘটা করে জন্মদিন পালনে তিনি খুব একটা আগ্রহী না হলেও, তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের খামতি নেই। সাতবারের সাংসদ ও তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার প্রথম মহিলা শাসকের কালীঘাটের বাড়িতে আজ সকাল থেকেই শুভেচ্ছার ঢল নেমেছে।

তবে জন্মদিনের সকালেই বড় কর্মসূচিতে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি গঙ্গাসাগর সফরে যাচ্ছেন। সেখানে দক্ষিণ ২৪ পরগনার কয়েক লক্ষ মানুষের দীর্ঘ প্রতীক্ষিত ‘গঙ্গাসাগর সেতু’-র শিলান্যাস করবেন তিনি। মুড়িগঙ্গা নদীর উপর রাজ্য সরকারের নিজস্ব ১৬৭০ কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এক স্বপ্নের প্রকল্প। জন্মদিনে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাগরদ্বীপের মানুষের জন্য বড় উপহার দিলেন তিনি।