২০২৬-এর বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এবার প্রশ্ন একটাই— কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? জল্পনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কলকাতায় বিজেপির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত শাহর উপস্থিতিতে বিধায়ক দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক মহলের প্রবল ধারণা, এবার বাংলার মসনদে বসার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্র থেকেই জয়ী এই দাপুটে নেতা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০৭টি আসন পেয়ে বঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি। এরপর থেকেই দলের ভেতরে ও বাইরে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করার পর দলের হাইকম্যান্ডের কাছে শুভেন্দুর গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে গেছে।
কেন শুভেন্দু অধিকারীই পছন্দের তালিকায় শীর্ষে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর হাত ধরেই তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। রাজ্যজুড়ে তাঁর ব্যাপক জনসংযোগ এবং সাংগঠনিক দক্ষতা বিজেপিকে এই বড় জয় এনে দিয়েছে। তাছাড়া, ভূমিপুত্র হিসেবে তাঁর জনপ্রিয়তা এবং প্রশাসনের ওপর দখল তাঁকে অন্য যেকোনো নামের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখছে।
আজকের বৈঠকের বিশেষত্ব: দিল্লির নির্দেশে অমিত শাহ নিজেই এই বৈঠকের তদারকি করবেন। সূত্রের খবর, বিধায়কদের মতামত নেওয়ার পাশাপাশি আরএসএস-এর সঙ্গেও এ বিষয়ে চূড়ান্ত আলোচনা সারা হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখনও পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা না হলেও, কর্মীদের উল্লাস আর দেওয়াল লিখন বলছে— ‘দাদাই’ হতে চলেছেন বাংলার পরবর্তী কাণ্ডারি। আজকের এই বৈঠকের প্রতিটি মুহূর্তের আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।





