শুভমনকে ওডিআই অধিনায়ক করার পরই বিরাট-রোহিতের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় প্রকাশ এবি ডিভিলিয়ার্সের

ভারতের অস্ট্রেলিয়া সফরের জন্য ওডিআই দলে বিরাট কোহলি ও রোহিত শর্মা ফিরলেও, ২০২৭ সালের আইসিসি ওডিআই বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে সংশয় প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি মন্তব্য করেন, তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সম্ভবত এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই ভবিষ্যতের কথা ভাবছে।
‘পরবর্তী বিশ্বকাপে ওরা খেলবে কি না, নিশ্চিত নই’
এবি ডিভিলিয়ার্স স্পষ্ট জানিয়েছেন, শুভমন গিলকে ওডিআই দলের অধিনায়ক নির্বাচন করার মধ্যেই এই সংশয় লুকিয়ে আছে।
এবি বলেন, “ওরা (বিরাট-রোহিত) পরবর্তী বিশ্বকাপে খেলবে কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। শুবমান গিলকে যখন ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে, তখন নিশ্চয়ই বিরাট-রোহিতকে বিশ্বকাপের দলে না রাখার কথা ভাবা হচ্ছে।”
ডিভিলিয়ার্স শুভমন গিলের প্রশংসা করে বলেন, শুভমন অবিশ্বাস্য ফর্মে আছে এবং সে চমৎকার নেতা। তাঁর বয়স কম হওয়ায় তাঁর সামনে ভালো সুযোগ আছে।
গম্ভীরের হাত ধরে কি বাদ পড়বেন দুই তারকা?
ভারতীয় ক্রিকেট মহলে জোর জল্পনা চলছে যে, প্রধান কোচ গৌতম গম্ভীর তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাইছেন। যেহেতু বিসিসিআই কর্তারা ও নির্বাচকরা গম্ভীরকে সমর্থন করছেন, তাই অস্ট্রেলিয়া সফরের পরেই রোহিত-বিরাটকে ওডিআই দল থেকে সরিয়ে দেওয়া হবে কি না, সেই জল্পনাও চলছে।
তবে ডিভিলিয়ার্স মনে করেন, শুভমনের অভিজ্ঞতার জন্য এই দুই কিংবদন্তিকে দলে রাখা উচিত। তিনি বলেন, “আমার মনে হয়, রোহিত ও বিরাটকে দলে রাখাই ঠিক সিদ্ধান্ত। দুই সবচেয়ে অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে অনেককিছু শিখতে পারবে শুবমান।”
আশা ছাড়ছেন না ডিভিলিয়ার্স
যদিও সংশয় আছে, তবুও এবি ডিভিলিয়ার্স আশা করছেন যে রোহিত ও বিরাট ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলে যেতে পারেন।
তিনি বলেন, “রোহিত ও বিরাট এখন শুধু ওডিআই দলে আছে। ওরা ভারতীয় দলের হয়ে আরও একবার বিশ্বকাপে খেলতে চায় বলেই এখনও খেলে যাচ্ছে। তবে ২০২৭ সালে ভারতীয় দলে থাকতে হলে ওদের অনেককিছু করতে হবে। ওদের রান করে নির্বাচকদের বার্তা দিতে হবে।”
তবে তিনি আবারও জোর দিয়ে বলেন, “ওরা কিংবদন্তি। ফলে আমার দলে সবসময় আসবে। আমি কোনও কিছু না ভেবেই ওদের দলে রাখব।”
অস্ট্রেলিয়া সফরের ওডিআই সিরিজের দলে রোহিত ও বিরাটকে রাখা হলেও, রোহিতের পরিবর্তে শুভমন গিলকে অধিনায়ক করা হয়েছে। এই সিরিজ থেকেই বোঝা যাবে, এই দুই তারকার ভবিষ্যৎ নিয়ে বোর্ডের পরিকল্পনা ঠিক কী।