শীতের শেষ ল্যাপ! প্রেম দিবসেই কি বঙ্গে বসন্তের এন্ট্রি? জানুন কী বলছে হাওয়া অফিস

বঙ্গে শীতের আয়ু এখন কার্যত শেষের পথে। গত দু’রাত তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে থাকলেও, রবিবার রাত থেকেই পারদ চড়তে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। তবে এই শিরশিরানি আর মাত্র কয়েক দিনের অতিথি। আগামী ১২ ফেব্রুয়ারির পর থেকেই শীতের আমেজ ফিকে হয়ে বসন্তের দাপট শুরু হবে।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। কিন্তু সকাল ৮টার পরেই রোদের তেজ বাড়বে, যার ফলে শীতের পোশাকের আর বিশেষ প্রয়োজন পড়বে না। বড় চমক অপেক্ষা করছে ‘ভ্যালেন্টাইনস ডে’ বা প্রেম দিবসে। ১৪ ফেব্রুয়ারি থেকেই দক্ষিণবঙ্গে পারদ চড়বে দ্রুত গতিতে। এমনকি মার্চ মাস বা দোলের সময় কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বর্তমানে শহর কলকাতায় ঘন কুয়াশার আর কোনো সম্ভাবনা নেই।
শহরের তুলনায় জেলাগুলিতে অবশ্য শীতের আমেজ আরও কিছুদিন স্থায়ী হবে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকলেও, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গ এখনও কাঁপছে কনকনে ঠান্ডায়। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং ঘন কুয়াশার চাদরে ঢাকা। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রির ঘরে থাকলেও আগামী কয়েক দিনে বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত গোটা রাজ্যেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই এবং কোনো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়বে না।