শাহের হাতেই বিজেপির ‘সঙ্কল্পপত্র’ উন্মোচন! রায়দিঘির ৩ প্রতিশ্রুতির জোরে মাস্টারস্ট্রোক গেরুয়া শিবিরের

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশলে বড়সড় বদল আনল বিজেপি। গত ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে তিনটি বড় ঘোষণা করেছিলেন, তার জনপ্রিয়তা ও রাজনৈতিক ‘ওজন’ বিচার করে এবার পূর্ণাঙ্গ নির্বাচনী ইস্তাহার বা ‘সঙ্কল্পপত্র’ উন্মোচনের দায়িত্বও তাঁর কাঁধেই দেওয়া হচ্ছে। বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ মার্চ পশ্চিমবঙ্গ সফরে এসে এই সঙ্কল্পপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে পারেন শাহ।
রায়দিঘির ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে অমিত শাহ মূলত তিনটি বড় প্রতিশ্রুতি দিয়েছেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে: ১. সপ্তম বেতন কমিশন: বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের জন্য দীর্ঘপ্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। ২. বকেয়া ডিএ (DA): সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে। ৩. শূন্যপদে নিয়োগ: ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি শূন্যপদ এবং বাতিল হওয়া পদগুলোতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়াও, যাঁদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্য ৫ বছরের বয়সের ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিজেপির অন্দরের খবর, এই ঘোষণাগুলো করার পর থেকেই সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। তাই দলের নির্বাচনী ইস্তাহার কমিটি (যার আহ্বায়ক অশোক লাহিড়ী) যে পূর্ণাঙ্গ সঙ্কল্পপত্র তৈরি করেছে, তার আনুষ্ঠানিক উন্মোচনে শাহকে সামনে রেখে লগ্নিকারীদের আত্মবিশ্বাস বাড়াতে চাইছে বঙ্গ বিজেপি। ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে অনুপ্রবেশ রুখতে কড়া আইনি ব্যবস্থার ব্লু-প্রিন্টও এই সঙ্কল্পপত্রে থাকবে বলে মনে করা হচ্ছে।