শাহরুখ খান ‘দেশদ্রোহী’,- বাংলাদেশী মুস্তাফিজুরকে KKR-এ নেয়ার সিদ্ধান্তে ফুঁসছে বিজেপি নেতা

ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতির আঁচ এবার আছড়ে পড়ল আইপিএলের বাইশ গজে। সম্প্রতি আইপিএল মিনি অকশনে বাংলাদেশের মিডিয়াম পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। আর এই সিদ্ধান্ত ঘিরেই উত্তাল জাতীয় রাজনীতি। কেকেআর মালিক শাহরুখ খানকে সরাসরি ‘দেশদ্রোহী’ বলে তোপ দেগেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।

সঙ্গীত সোমের চরম হুঁশিয়ারি: মেরাঠের এক জনসভা থেকে সঙ্গীত সোম আক্রমণাত্মক ভাষায় বলেন, “একদিকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করা হচ্ছে, আর অন্যদিকে শাহরুখ খান ৯ কোটি টাকা দিয়ে সেই দেশের ক্রিকেটারকে কিনছেন। শাহরুখের মতো দেশদ্রোহীদের এ দেশে থাকার অধিকার নেই।” এখানেই শেষ নয়, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে মুস্তাফিজুর ভারতে খেলতে এলে তাঁকে বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হবে না।

এককাট্টা কেকেআর বিরোধীরা: শুধু সঙ্গীত সোম নন, শাহরুখের বিরুদ্ধে সরব হয়েছেন জগৎগুরু স্বামী রামভদ্রাচার্য এবং দেবকিনন্দন ঠাকুরের মতো ধর্মগুরুরাও। রামভদ্রাচার্য কেকেআর মালিককে ‘চরিত্রহীন’ ও ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিয়েছেন। শিবসেনা নেতা আনন্দ দুবেও কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, মুস্তাফিজুরকে দল থেকে বাদ না দিলে শাহরুখের এই পদক্ষেপকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবেই দেখা হবে।

শাহরুখের পাশে কংগ্রেস: এই প্রবল আক্রমণের মুখে শাহরুখ খানের সমর্থনে এগিয়ে এসেছে কংগ্রেস। সাংসদ মানিকম ঠাকুর আরএসএস এবং বিজেপি নেতাদের সমালোচনা করে বলেন, “শাহরুখকে দেশদ্রোহী বলা ভারতের বহুত্ববাদী সংস্কৃতির ওপর আঘাত। ঘৃণার রাজনীতি দিয়ে দেশপ্রেম প্রমাণ করা যায় না।” সব মিলিয়ে মুস্তাফিজুরকে দলে নেওয়া কেন্দ্র করে আইপিএল শুরুর আগেই মাঠের বাইরের রাজনীতি এখন তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy