‘শহরের এলিট ভোট’ নয়, সাধারণ মানুষই টার্গেট, কলকাতায় সংগঠনের কাঠামোয় বড় বদল আনছে বিজেপি

লোকসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করে এবার কলকাতা পুরসভা এলাকায় সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আনছে বিজেপি। গোটা রাজ্যে যেখানে বুথ এবং মণ্ডল কমিটি রয়েছে, সেখানে একমাত্র কলকাতাতেই আলাদা করে ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে দল। এই প্রতিটি কমিটি পাঁচজনের হবে বলে জানা গেছে।
কেন এই পরিবর্তন?
বিজেপি সূত্রে খবর, কলকাতার প্রতিটি ওয়ার্ডে ভোটারের সংখ্যা ২৫ হাজারেরও বেশি। শুধুমাত্র বুথ এবং মণ্ডল কমিটি দিয়ে এত বড় সংখ্যক ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তাই দল এখন ‘শক্তিকেন্দ্র’ এবং ‘মণ্ডল’-এর মধ্যে একটি নতুন স্তর যুক্ত করছে, যা সরাসরি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। এই নতুন ওয়ার্ড কমিটিগুলি দলের নীচের স্তর থেকে ওপরের স্তরের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লক্ষ্য শুধু ‘এলিট ভোট’ নয়
গত এক দশকে বিজেপি রাজ্যের বিভিন্ন প্রান্তে ভালো ফল করলেও, কলকাতার ভোটের ফলে তার প্রতিফলন ঘটেনি। এবার সেই চিত্র বদলাতে চাইছে পদ্ম শিবির। তাদের দাবি, এই নতুন সাংগঠনিক কাঠামোর মাধ্যমে শুধু শহুরে এলিট নয়, প্রান্তিক মানুষের কাছেও পৌঁছানো যাবে।
গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর কৌশল?
বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতার মতে, এই ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে একদিকে যেমন সংগঠন মজবুত হবে, তেমনই দলের মধ্যে নতুন পদ সৃষ্টি করা যাবে। এর ফলে অনেক নেতার মধ্যে থাকা অসন্তোষ বা গোষ্ঠীদ্বন্দ্ব অনেকটাই কমানো সম্ভব হবে। মণ্ডল নেতা হওয়ার দাবিদারদের একটি অংশকে এই ওয়ার্ড কমিটিতে এনে সন্তুষ্ট করা যাবে।
আগামীদিনে বিজেপি নেতৃত্ব কলকাতার সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে কতটা সফল হয়, তা প্রমাণ করবে আসন্ন পুর ও বিধানসভা নির্বাচন।