শপিংমলের দামি খেলনা এখন অর্ধেক দামে! বসিরহাটের টাকি রোডের ধারে জমজমাট ‘খেলনার হাট’, ভিড় উপচে পড়ছে

বসিরহাটের টাকি রোডের ধার এখন এক রঙিন মেলার রূপ নিয়েছে, যেখানে শপিংমলের দামি খেলনা ও সামগ্রী মিলছে অবিশ্বাস্য সুলভ দামে। রাস্তার দু’ধারে সারি সারি টিউব বাথটব, রঙিন চেয়ার এবং ছোটদের খেলনা সাজানো হয়েছে, যা সাধারণত অভিজাত শোরুম বা অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায়। দাম কম হওয়ায় সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় উপচে পড়ছে এই দোকানগুলিতে।
বিক্রেতারা জানাচ্ছেন, রঙিন টিউব চেয়ার ১০০ থেকে ২০০ টাকায় এবং ছোটদের বাথটব ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অর্থাৎ, শপিং মলের দামের তুলনায় প্রায় অর্ধেক দামে সাধারণ মানুষ পছন্দের সামগ্রীগুলি কিনতে পারছেন। শীতকালীন মরশুমকে লক্ষ্য করেই এই বিক্রি শুরু হয়েছে, যাতে সকল স্তরের মানুষ সহজে এই পণ্যগুলি ক্রয় করতে পারেন।
টাকি রোড, মাটিয়া, ধান্যকুড়িয়া, খোলাপোতা সহ বিভিন্ন এলাকার পথচারীরা এই দোকানগুলির সামনে থমকে দাঁড়াচ্ছেন। কেউ কিনছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ কেউ শিশুদের নিয়ে এসে আনন্দ উপভোগ করছেন। রঙিন আলো, শিশুদের হাসি আর ক্রেতাদের ভিড়ে এখন টাকি রোড যেন ছোট্ট এক ‘খেলনার হাট’।
স্থানীয়দের মতে, “শপিংমলের মতো একই মানের জিনিস রাস্তার ধারে এই দামে পাওয়া সত্যিই অবাক করা।” ইতিমধ্যে দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই দোকানে। ফলে ব্যবসার গতি বেড়েছে বহুগুণ, যা বসিরহাটের স্থানীয় অর্থনীতিতেও এক নতুন দিক উন্মোচন করেছে।