শপথের আগেই কি প্রকৃতির রুদ্ররোষ? ব্রিগেডে মেগা অনুষ্ঠানের মাঝেই বড় বিপত্তির আশঙ্কা!

বাংলার রাজনৈতিক ইতিহাসে আজ এক মাহেন্দ্রক্ষণ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একঝাঁক ভিভিআইপি ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা। লক্ষ লক্ষ মানুষের সমাগমে যখন তিলোত্তমা টগবগ করে ফুটছে, ঠিক তখনই অশনি সংকেত শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শপথের আনন্দ কি তবে বৃষ্টিতে ধুয়ে যাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।

আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শনিবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ব্রিগেডের মতো খোলা জায়গায় যেখানে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, সেখানে হঠাৎ বজ্রবৃষ্টি শুরু হলে অনুষ্ঠানে বড়সড় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার সক্রিয়তার কারণেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। এই জেলাগুলিতে ৫০-৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার ছুটির দিনেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। তবে বাতাসের গতিবেগ কিছুটা কমে ৪০-৫০ কিমি হতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৩ ও ১৪ মে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে। অন্যদিকে, আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে যে ১১ ও ১২ মে থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও হালকা বৃষ্টিপাত জারি থাকবে। ১৩ মে পর্যন্ত গোটা বাংলা জুড়েই এই অস্থির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড়ের দাপটে কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি উপড়ে যেতে পারে গাছও। ভিভিআইপি মুভমেন্টের কারণে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে পুলিশকে যান চলাচল নিয়ন্ত্রণের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইতিমিধ্যেই আলিপুরে ৫ সেমি এবং গয়েরকাটায় ৬ সেমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তারকেশ্বরে শিলাবৃষ্টির খবরও মিলেছে। ফলে সব মিলিয়ে, আজ শপথ গ্রহণের আনন্দ আর প্রকৃতির চ্যালেঞ্জের এক দ্বৈরথ দেখতে চলেছে পশ্চিমবঙ্গ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy