লিফটের দরজা খুলতেই হাড়হিম দৃশ্য! বিলাসবহুল ফ্ল্যাটে ফণা তুলে দাঁড়িয়ে বিরাট কোবরা, ভয়ে আর্তনাদ বাসিন্দাদের

ভাবুন তো, লিফটের বোতাম টিপে অপেক্ষা করছেন, দরজা খুলল আর চোখের সামনে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে এক বিরাট বিষধর কোবরা! সম্প্রতি নয়ডার এক বিলাসবহুল হাইরাইজ আবাসনে ঠিক এমন এক হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হলেন বেশ কয়েকজন বাসিন্দা। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তুমুল আতঙ্ক সৃষ্টি করেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে নয়ডার সেক্টর ১৬৮-এর গোল্ডেন পাম সোসাইটি-তে। রবিবার এই আবাসনের কয়েকজন বাসিন্দা লিফটের জন্য অপেক্ষা করছিলেন। লিফট আসতেই দরজা খোলে, আর সেই মুহূর্তেই ভেতরে ফণা তুলে থাকা কোবরাটিকে দেখে ভয়ে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সবাই। কেউ লিফটে ওঠার সাহস পাননি।
সঙ্গে সঙ্গে আবাসনের নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই কর্মীরা দ্রুত কোবরাটিকে উদ্ধার করেন এবং একটি ডাস্টবিনে ভরে আবাসন থেকে দূরে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
সাপের আতঙ্কে ঘরবন্দি!
এই ঘটনায় ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। তাঁদের মূল ভয়, লিফটে যদি কোবরা উঠতে পারে, তবে তা আবাসনের জিম, বাগান, এমনকী ঘরেও ঢুকে পড়তে পারে। শিশুদের ঘরের বাইরে যেতে দিতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা। অনেকের দাবি, এই সাপটিকে নাকি আগেও আবাসনের বাগানে দেখা গিয়েছিল। সম্ভবত সেই বাগান থেকেই লোকালয়ে প্রবেশ করেছিল সেটি।
কমোডেও লুকিয়ে বিষধর! রাজস্থানে আরেক হাড়হিম ঘটনা
অন্যদিকে, মাত্র কয়েক দিন আগেই প্রায় একই রকম এক ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী হয়েছিলেন এক পর্যটক। রাজস্থানের আজমেরের পুষ্করের এক হোটেলের বাথরুমে প্রস্রাব করতে গিয়ে কোমোডের ভেতরেই পাঁচ ফুট লম্বা একটি কোবরা দেখতে পান তিনি!
জানা গেছে, যুবকটি বাথরুমে প্রবেশ করে কমোডের কাছে দাঁড়ালেই ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। কমোডে উঁকি দিতেই দেখেন, তার ভিতরেই লুকিয়ে রয়েছে বিষধর সাপটি! এই হাড়হিম দৃশ্য দেখেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে হোটেল কর্তৃপক্ষ রাজস্থানের ‘কোবরা টিম’-কে খবর দেয়। বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পর অবশেষে সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়। হোটেলের তিনতলার একটি ঘরের বাথরুমে কীভাবে এত লম্বা সাপ পৌঁছালো, তা নিয়ে কর্তৃপক্ষও সংশয় প্রকাশ করেছেন। এই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, এখন থেকে হোটেলের বাথরুমে ঢুকতেও ভয় লাগবে।
একদিকে ফ্ল্যাটের লিফট, অন্যদিকে হোটেলের কমোড— দুই ভিন্ন স্থানে বিশাল বিষধর কোবরার উপস্থিতি নাগরিক জীবনে বড় ধরনের নিরাপত্তার প্রশ্ন তুলে দিয়েছে।