মে মাসের শেষে এসে উত্তেজনার পারদ তুঙ্গে। জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মে মাসের মেগা ফিনালে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এই বিশেষ পর্বে মঞ্চ আলো করে থাকছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী, ভারতের পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপ। তাঁর স্বতন্ত্র কণ্ঠস্বর, প্রাণবন্ত উপস্থিতি এবং বহুভাষিক গানের জাদুতে অনুষ্ঠানটি নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে।
নস্টালজিয়ার সফরে দর্শকদের নিয়ে যেতে ঊষা উত্থুপ গেয়ে শোনাবেন তাঁর কালজয়ী সব হিট গান। ‘দম মারো দম’, ‘কোয়ি ইয়াহা আহা নাচে নাচে’, ‘রম্বা হো হো’-র মতো গানগুলো আজও সব প্রজন্মের কাছে সমান জনপ্রিয়। তবে শুধু গান নয়, শো-এর মঞ্চে ঊষা উত্থুপ একটি বিশেষ ম্যাজিক ট্রিকও প্রদর্শন করবেন, যা উপস্থিত দর্শকদের অবাক করে দেবে। সেই রহস্য উদ্ঘাটন হবে অনুষ্ঠানের দিনই।
অনুষ্ঠানের সঞ্চালক সুদীপ্তা চক্রবর্তীর সহজ ও আন্তরিক বাচনভঙ্গির ভূয়সী প্রশংসা করেছেন পপ সম্রাজ্ঞী। প্রতিযোগীদের সঙ্গে সুদীপ্তার সম্পর্ক তাঁকে এতটাই মুগ্ধ করেছে যে, এক আবেগঘন মুহূর্তে সঞ্চালকের অনুরোধে বিশেষ একটি গানও গেয়ে শোনান তিনি। দীর্ঘ ৫৭ বছরের সঙ্গীত জীবন পার করা ঊষা উত্থুপ আজও কতটা প্রাণবন্ত, তা এই শো-এর মাধ্যমে আরও একবার প্রমাণ হবে।
কলকাতার পার্কস্ট্রিটের ‘ট্রিঙ্কাস’ থেকে শুরু হয়েছিল তাঁর বর্ণময় পথচলা। ষাটের দশকের সেই সময় থেকে আজও তিনি ভারতীয় সুরের সঙ্গে জ্যাজ, পপ ও পাশ্চাত্য প্রভাবের মেলবন্ধনে এক অনন্য উদাহরণ। তাঁর কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে আট থেকে আশি। এই মেগা ফিনালে বিনোদন, আবেগ এবং অনুপ্রেরণার এক অনন্য মেলবন্ধন হতে চলেছে। আগামী ১ জুন সন্ধ্যা ৭টায় টিভির পর্দায় এই বিশেষ পর্বটি উপভোগ করতে ভুলবেন না।





