গুরু পূর্ণিমায় উপচে পড়া ভিড়! উত্তরপ্রদেশের এই বিখ্যাত আশ্রমে পুণ্যার্থীদের ঢল

গুরু পূর্ণিমা উপলক্ষে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার প্রধান আধ্যাত্মিক কেন্দ্রগুলিতে ভক্তদের বাঁধভাঙা জোয়ার দেখা গেছে। এই পবিত্র দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ ভক্ত ভিড় জমিয়েছেন জেলার সত্তেশগড়ের পরমহংস আশ্রম, বিন্ধ্যাচলের দেবরাহ বাবা আশ্রম এবং মাদিহানের গুরুদেব নগর আশ্রমে। গুরুদেবের আশীর্বাদ লাভ এবং বিশেষ পূজার জন্য এক সপ্তাহ আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়েছিল আশ্রম কর্তৃপক্ষ। ভক্তদের সুশৃঙ্খল দর্শন নিশ্চিত করার পাশাপাশি বিশাল ভাণ্ডার ও প্রসাদ বিতরণের সুব্যবস্থা করা হয়েছিল। প্রার্থনা ও সেবাকার্যে অংশ নেওয়ার পর পুণ্যার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। এই বিপুল জনসমাগম মির্জাপুরকে গুরু পূর্ণিমার অন্যতম প্রধান আধ্যাত্মিক তীর্থক্ষেত্রে পরিণত করেছে।