লখনউ সুপার জায়ান্টসের অন্দরে অশান্তি, এক মরশুমেই সম্পর্ক ছিন্ন করলেন জাহির খান

অনেক ঢাকঢোল পিটিয়ে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) জাহির খানকে মেন্টর হিসেবে সই করিয়েছিল। কিন্তু মাত্র এক মরশুমের মধ্যেই সেই সম্পর্কের ইতি ঘটল। বৃহস্পতিবার জাহির খান লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষকে তার সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা জাহিরকে মেন্টর হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন এবং তার জন্য একটি বিশেষ সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হয়েছিল। কিন্তু কেন এই কিংবদন্তি ক্রিকেটার এমন একটি গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন?
মতাদর্শের অমিল, সম্পর্কের অবনতি
এই বিষয়ে দুই পক্ষই সরাসরি কোনো মন্তব্য না করলেও, সূত্রের খবর অনুযায়ী, লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ, টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে মতাদর্শের অমিল হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন জাহির।
দলের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার মতো অনেক লোক থাকায় জাহির খুশি ছিলেন না। তার মতে, দলের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ার পেছনে এটি অন্যতম প্রধান কারণ ছিল। গত আইপিএলের দ্বিতীয়ার্ধে দলের অস্থির পরিস্থিতিও জাহিরের এই সিদ্ধান্তের নেপথ্যে একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।
দায়িত্ব ও চুক্তি
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স-এ যোগ দেওয়া গৌতম গম্ভীরের পর লখনউ সুপার জায়ান্টসে মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন জাহির খান। তার ওপর স্কাউটিং এবং পরিকল্পনা তৈরির দায়িত্বও ছিল। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে তার ২ বছরের চুক্তি ছিল। লখনউ কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।