রেললাইনে জুড়বে ৫,০০০ গ্রাম, ১০৭৮৩ কোটির প্রকল্পে অনুমোদন মোদী মন্ত্রিসভার

বাংলা ও হাওড়া-সহ পূর্ব ভারতের রেল যোগাযোগকে আরও শক্তিশালী এবং আধুনিক করে তোলার পথে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে রেলের তিনটি মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের জন্য মোট ১০,৭৮৩ কোটি টাকা খরচের অনুমোদন দেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওডিশা, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়—এই পাঁচ রাজ্যের মোট ১৪টি জেলা জুড়ে প্রায় ৬৫৬ কিলোমিটার নতুন রেললাইন পাতা হবে। ২০২৯-৩০ সালের মধ্যে এই পুরো প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্র।
কোন কোন রুটে হবে নতুন লাইন?
কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে খড়্গপুর থেকে ঝাড়সুগুড়া (বাগডিহি) এবং কাটনি থেকে পেন্দ্রা রোড পর্যন্ত চতুর্থ লাইনের কাজ করা হবে। পাশাপাশি, বিলাসপুর (উসলাপুর) থেকে পেন্দ্রা রোড পর্যন্ত তৃতীয় লাইনের কাজও সম্পন্ন করা হবে। এই রুটগুলি উন্নত হলে শুধু যাত্রী পরিবহণই মসৃণ হবে না, বরং পর্যটকদের জন্যও দেশের অন্যতম প্রধান কিছু দর্শনীয় স্থান যেমন—বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্প, অমরকণ্টক মন্দির, অচানকমার ব্যাঘ্র প্রকল্প এবং রতনপুর মহামায়া মন্দিরে যাতায়াত করা অত্যন্ত সহজ হয়ে উঠবে।
পণ্য পরিবহণ ও অর্থনৈতিক উন্নয়নে বিরাট প্রভাব
যে সমস্ত এলাকা জুড়ে এই নতুন রেলপথ তৈরি করা হবে, সেই অঞ্চলগুলি মূলত কয়লা, সিমেন্ট, লোহা ও ইস্পাতের মতো অত্যন্ত জরুরি কাঁচামাল পরিবহণের প্রধান করিডর হিসেবে পরিচিত। নতুন এই প্রকল্পগুলি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রতি বছর অতিরিক্ত প্রায় ২৭ মিলিয়ন টন পণ্য পরিবহণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, পরিকাঠামোগত এই উন্নয়নের ফলে সরাসরি উপকৃত হবে প্রায় ৪,৭৯০টি গ্রাম এবং যার জেরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবেন প্রায় ৫৬ লক্ষ মানুষ।