ছাব্বিশের আগে দলের রাশ ধরতে আরএসএস-বিজেপি বৈঠক, নয়া রাজ্য কমিটি নিয়ে কাটছাঁট চলছে

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য মরিয়া বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার আরএসএসের সঙ্গে এক সমন্বয় বৈঠক করল রাজ্য বিজেপি। বৈঠকে নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য তার নতুন দলে অভিজ্ঞ এবং সক্রিয় নেতাদের ফিরিয়ে আনতে চাইছেন। কিন্তু শুভেন্দু অধিকারীসহ অন্যান্য নেতারাও নিজেদের পছন্দের সদস্যদের কমিটিতে রাখতে চাইছেন। এর ফলে নতুন কমিটি গঠন নিয়ে টানাপোড়েন চলছে।

দিলীপ ঘোষকে কি ফেরানো হবে?
বর্তমানে বঙ্গ বিজেপির অন্দরে সবথেকে বেশি চর্চা হচ্ছে দিলীপ ঘোষ-কে নিয়ে। শমীক ভট্টাচার্য চান, দিলীপ ঘোষের মতো সক্রিয় নেতাকে আবার দলের কোর কমিটিতে ফিরিয়ে আনতে। বৃহস্পতিবার রাতে হেরিটেজে হওয়া বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, দিলীপ ঘোষকে নির্বাচনের প্রথম সারিতে নেতৃত্ব দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ফলে রাজ্য বিজেপির সাংগঠনিক কাজে ফের একবার স্বমহিমায় দিলীপ ঘোষকে দেখা যাবে কিনা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

অন্যদিকে, সাধারণ সম্পাদক হিসেবে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, লকেট চট্টোপাধ্যায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো। এদের মধ্যে থেকে চারজনকে বেছে নেওয়া হতে পারে। এই মুহূর্তে নতুন কমিটি গঠন নিয়ে দলের ভেতর তুমুল আলোচনা চলছে।