লখনউ বিমানবন্দরে বড় বিপদ থেকে বাঁচলেন ডিম্পল যাদব, প্রাণে রক্ষা পেলেন ১৫১ জন যাত্রী

সম্প্রতি বিমানযাত্রায় একের পর এক সমস্যা সামনে এসেছে। এবার অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগোর একটি বিমান। লখনউ বিমানবন্দর থেকে দিল্লিগামী এই বিমানটির রানওয়েতে উড্ডয়নের ঠিক আগের মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। পাইলটের উপস্থিত বুদ্ধিতে সময় মতো ব্রেক কষা হলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়। এই বিমানে সমাজবাদী পার্টির সাংসদ ও অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবও ছিলেন।

কী ঘটেছিল সেদিন?

শনিবার সকাল ১১টা নাগাদ ইন্ডিগোর ওই বিমানটি লখনউ থেকে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছিল। উড্ডয়নের জন্য রানওয়েতে দ্রুত গতিতে ছুটেও বিমানটি মাটি ছেড়ে উঠতে পারছিল না। এমন পরিস্থিতিতে পাইলট শেষ মুহূর্তে জোরে ব্রেক কষেন। এতে বিমানটি তীব্র ঝাঁকুনি খেলেও সঙ্গে সঙ্গে থেমে যায়। এই ঘটনায় বিমানে থাকা ডিম্পল যাদবসহ ১৫১ জন যাত্রী ও ক্রু অক্ষত ও নিরাপদে আছেন। তাদের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয় এবং অন্য একটি বিমানে করে গন্তব্যে পাঠানো হয়েছে।

ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইলটরা বিমান ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর আগেও সেপ্টেম্বরের শুরুতে আবুধাবিগামী ইন্ডিগোর একটি বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিরাপদে কোচিতে ফিরিয়ে আনা হয়েছিল।